মোবাইল প্রযুক্তির বিশ্বমঞ্চ হিসাবে পরিচিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) ভিত্তিক নতুন এআই ভিশন উন্মোচন করেছে অনার। পাশাপাশি ‘আলফা প্ল্যান’–এর অগ্রগতি তুলে ধরে প্রতিষ্ঠানটি আলফা ফোন, আলফা স্টোর ও আলফা ল্যাব—এই তিন স্তম্ভের ভবিষ্যৎ রূপরেখা প্রকাশ করেছে।
আয়োজনে অনার প্রদর্শন করে তাদের আলোচিত ‘রোবট ফোন’, যা ব্যবহারকারীর নড়াচড়া, অঙ্গভঙ্গি ও আশপাশের পরিবেশ বুঝে স্বয়ংক্রিয়ভাবে সাড়া দিতে সক্ষম। রোবট-গ্রেড গতিশীলতা, ৩৬০ ডিগ্রি ভিডিও কল, উন্নত স্মার্ট সেন্সিং ও সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি ফোনটিকে আলাদা মাত্রা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এআইকে আরও মানবকেন্দ্রিক ও সংবেদনশীল করে তোলাই এই উদ্ভাবনের লক্ষ্য।
একই সঙ্গে উন্মোচিত হয়েছে নতুন ফোল্ডেবল ম্যাজিক ভি৬, যেখানে সিলিকন-কার্বন ব্যাটারি, উন্নত ডিসপ্লে প্রকৌশল ও এআই–সমৃদ্ধ প্রোডাক্টিভিটি ফিচার রয়েছে। এছাড়া ম্যাজিকপ্যাড ৪ ও ম্যাজিকবুক প্রো ১৪–এর ঘোষণা দিয়ে অনার তাদের এআই ইকোসিস্টেম সম্প্রসারণের বার্তা দিয়েছে।
অনুষ্ঠানে সিইও জেমস লি বলেন, মানবীয় সংবেদনশীলতার সঙ্গে এআই–এর সমন্বয় ঘটিয়েই অনার ভবিষ্যতের প্রযুক্তি গড়ে তুলতে চায়।
