ঢাকা     ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ৫ ফাল্গুন ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম এমডি হলেন নাবিল মুস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম এমডি হলেন নাবিল মুস্তাফিজুর রহমান

রাষ্ট্রমালিকানাধীন 'সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পেয়েছেন নাবিল মুস্তাফিজুর রহমান। এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)–এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে কর্মরত ছিলেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ১৫ ফেব্রুয়ারি তাকে এমডি হিসেবে নিয়োগ দেয়। পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত এ ব্যাংকের তিনিই প্রথম এমডি। তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

ব্যাংক খাতে ৩২ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন নাবিল মুস্তাফিজুর রহমান ২০২৪ সালের অক্টোবরে ইউসিবিতে যোগ দেন। এর আগে তিনি হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল) বাংলাদেশে কান্ট্রি চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। মুস্তাফিজুর রহমান ২০১৮ সালে ইউসিবিতে ডিএমডি হিসেবে যোগ দেন এবং ২০২০ সালে পদোন্নতি পেয়ে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হন। সেখানে তিনি ঝুঁকি ব্যবস্থাপনা, ইসলামিক ব্যাংকিং ও ট্রানজেকশন ব্যাংকিংয়ের দায়িত্বে ছিলেন।

ইউসিবিতে যোগদানের আগে তিনি ব্র্যাক ব্যাংকে ডিএমডি ও চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। করপোরেট, রিটেইল ও এসএমই ব্যাংকিংয়ের ক্রেডিট রিস্ক ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া বৃহৎ ও সমন্বিত প্রকল্প অর্থায়ন, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, কালেকশন ও ইমপেয়ার্ড অ্যাসেট ব্যবস্থাপনা, অপারেশনাল রিস্ক, তথ্যনিরাপত্তা এবং ইসলামি ব্যাংকিংয়েও দক্ষতা রয়েছে তার।

নাবিল মুস্তাফিজুর রহমান আইবিএ থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৯৩ সালে ফাইন্যান্স ও ম্যানেজমেন্ট সায়েন্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরে তিনি হংকংয়ে কর্মজীবন শুরু করেন।

এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক নিয়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে ১৫ হাজার কোটি টাকা। আর অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।