ঢাকা     ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ৬ ফাল্গুন ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

যেসব সুবিধা পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

প্রকাশিত: ১৫:২৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

যেসব সুবিধা পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

নতুন মন্ত্রিসভা গঠনের পর এখন আলোচনায় তাদের প্রাপ্ত সুযোগ-সুবিধার বিষয়টি। রাষ্ট্রীয় আইন অনুযায়ী একজন পূর্ণ মন্ত্রী থেকে শুরু করে উপমন্ত্রী পর্যন্ত সবাই বেতন, আবাসন, যাতায়াত এবং চিকিৎসাসহ অন্তত ১৩ ধরনের রাষ্ট্রীয় সুবিধা ভোগ করেন।

রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে প্রধানমন্ত্রীর বেতন ও সুবিধা আলাদাভাবে নির্ধারিত। তিনি মাসিক ১ লাখ ১৫ হাজার টাকা মূল বেতন এবং ১ লাখ টাকা বাড়ি ভাড়া পান। এছাড়া তার যাতায়াত ও বিনোদনের যাবতীয় খরচ রাষ্ট্র বহন করে।

সরকারি পদমর্যাদা অনুযায়ী, একজন পূর্ণ মন্ত্রী মাসিক ১ লাখ ৫ হাজার টাকা, প্রতিমন্ত্রী ৯২ হাজার টাকা এবং উপমন্ত্রী ৮৬ হাজার ৫০০ টাকা মূল বেতন পান। দায়িত্ব পালনের জন্য তারা সরকারের পক্ষ থেকে সুসজ্জিত ও বিনা ভাড়ার বাসভবন পান। তবে কেউ যদি সরকারি বাড়িতে না থেকে নিজস্ব বা ভাড়া বাড়িতে থাকতে চান, তবে মন্ত্রী মাসে ৮০ হাজার এবং প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা ৭০ হাজার টাকা করে বাড়ি ভাড়া ভাতা পাবেন। এছাড়া বাসভবনের রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ, গ্যাস ও পানির যাবতীয় খরচও রাষ্ট্র বহন করে।

যাতায়াত ও ভ্রমণ ভাতা: মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সরকারি পরিবহন পুল থেকে সার্বক্ষণিক গাড়ি সুবিধা পাবেন। ব্যক্তিগত ও দাপ্তরিক কাজে প্রতিদিন ১৮ লিটার জ্বালানি তেলের খরচ সরকার প্রদান করবে। এছাড়া নির্বাচনী এলাকা বা দেশের অভ্যন্তরে সফরের জন্য বিশেষ জিপ গাড়ির সুবিধা এবং দৈনিক ২ হাজার টাকা পর্যন্ত ভাতা (ভ্রমণ সাপেক্ষে) পাবেন। বিমান ভ্রমণের ক্ষেত্রে তাদের জন্য ১০ লাখ টাকার বীমা সুবিধাও বরাদ্দ থাকে।

ব্যক্তিগত স্টাফ ও চিকিৎসা সুবিধা: একজন মন্ত্রী তার দাপ্তরিক ও ব্যক্তিগত সহায়তার জন্য উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব (পিএস), একজন সহকারী একান্ত সচিব (এপিএস) এবং দুজন ব্যক্তিগত কর্মকর্তা নিজের পছন্দমতো নিয়োগ দিতে পারেন। এছাড়া বাবুর্চি, অফিস সহায়ক ও আরদালিসহ প্রয়োজনীয় জনবলও তাদের দেয়া হয়। এছাড়া মন্ত্রিসভার কোনো সদস্য অসুস্থ হলে তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকার বহন করে। এক্ষেত্রে খরচের কোনো নির্দিষ্ট সীমা নেই; কেবল ব্যয়ের ভাউচার জমা দিলেই তা পরিশোধ করা হয়।

নির্বাচনী এলাকার উন্নয়ন ও আপ্যায়ন: নিজ এলাকার মসজিদ, মন্দির বা জনহিতকর কাজে ব্যয়ের জন্য একজন মন্ত্রী বছরে ১০ লাখ টাকা, প্রতিমন্ত্রী সাড়ে ৭ লাখ এবং উপমন্ত্রী ৫ লাখ টাকা থোক বরাদ্দ পান। এছাড়া দেশী-বিদেশী অতিথিদের আপ্যায়নের জন্য পদমর্যাদা ভেদে মাসে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ভাতা পান তারা।

এমপিদের সুবিধা: এমপিদের মাসিক বেতন ৫৫ হাজার টাকা। এর বাইরে অতীতে এলাকার উন্নয়ন প্রকল্পে কোটি টাকার বরাদ্দ পাওয়া এবং শুল্কমুক্ত গাড়ি ও প্লট পাওয়ার নজিরও রয়েছে।