ঢাকা     ১৭ মার্চ ২০২৬ ||  ২ চৈত্র ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

এআই চাহিদায় চিপ জায়ান্ট এনভিডিয়ার রেকর্ড আয়

প্রকাশিত: ১১:৫৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৪:২২, ১ মার্চ ২০২৬

এআই চাহিদায় চিপ জায়ান্ট এনভিডিয়ার রেকর্ড আয়

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যেও রেকর্ড আয় করেছে বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সর্বশেষ অর্থবছরে তাদের মোট আয় দাঁড়িয়েছে ২১৫.৯ বিলিয়ন ডলার, যা কোম্পানির ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে অর্থবছরের শেষ তিন মাসে বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৭৩ শতাংশ বেড়ে বিশ্লেষকদের পূর্বাভাসও ছাড়িয়ে গেছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং বলেন, বিশ্বজুড়ে এআই কম্পিউটিংয়ের চাহিদা দ্রুত বাড়ছে এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতের প্রবৃদ্ধি নিশ্চিত করতে এআই অবকাঠামোয় ব্যাপক বিনিয়োগ করছে। ওপেনএআই ও মেটাসহ শীর্ষ এআই ডেভেলপারদের কাছে উন্নত চিপ সরবরাহের মাধ্যমে এআই অবকাঠামো নির্মাণে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে এনভিডিয়া।

বর্তমানে প্রায় ৪.৮ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য নিয়ে প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে মূল্যবান তালিকাভুক্ত কোম্পানিতে পরিণত হয়েছে। তবে এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ ও অংশীদারিত্ব নিয়ে ‘সার্কুলার ফাইন্যান্সিং’ আশঙ্কায় কিছু বিনিয়োগকারীর মধ্যে সন্দেহও তৈরি হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতার মধ্যেও ব্যবসা পরিচালনা করছে এনভিডিয়া। নতুন প্রযুক্তি সম্প্রসারণের অংশ হিসেবে স্বয়ংচালিত গাড়ির জন্য এআই প্ল্যাটফর্ম এবং আগামী বছরে রোবোট্যাক্সি সেবা চালুর পরিকল্পনাও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ইনফারেন্স প্রযুক্তি শক্তিশালী করতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান গ্রোক অধিগ্রহণ করেছে কোম্পানিটি।