রমজান মাসে নিম্ন-আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে দুধ, ডিম, মাংস ও মাছ সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় ১০ লাখের বেশি পরিবারকে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়, যার ফলে নিম্ন-আয়ের মানুষ বেশি কষ্টে পড়েন। তাদের ভোগান্তি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
