দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ গ্যালাক্সি এস২৬ উন্মোচন করেছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বাজারে কিছু মডেলের দাম বাড়িয়ে ফোনটি বাজারে আনা হয়েছে, যা বাড়তে থাকা মেমোরি চিপের খরচের মধ্যে ক্রেতাদের চাহিদা যাচাইয়ের একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নতুন গ্যালাক্সি এস২৬ সিরিজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে পারপ্লেক্সিটির এআই ফিচার, গুগলের জেমিনি এবং উন্নত সংস্করণের বিক্সবি সহকারী যুক্ত করা হয়েছে। গত বছর শক্তিশালী আইফোন বিক্রির কারণে স্মার্টফোন বাজারে নেতৃত্ব অ্যাপলের কাছে হারানোর পর স্যামসাং নতুন এই সিরিজের মাধ্যমে প্রতিযোগিতায় ঘুরে দাঁড়াতে চায়।
যুক্তরাষ্ট্রে গ্যালাক্সি এস২৬–এর বেস মডেলের দাম রাখা হয়েছে ৮৯৯ ডলার, যা আগের মডেলের তুলনায় প্রায় ৪.৭ শতাংশ বেশি। এস২৬ প্লাসের দাম ১,০৯৯ ডলার, আর আল্ট্রা মডেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় বেস মডেলের দাম প্রায় ৮.৬ শতাংশ বাড়ানো হয়েছে।
নতুন সিরিজের কিছু মডেলে স্যামসাং নিজস্ব এক্সিনোস প্রসেসর ব্যবহার করেছে, যা কোম্পানির চিপ ব্যবসাকে শক্তিশালী করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। এস২৬ আল্ট্রায় প্রথমবারের মতো বিল্ট-ইন মোবাইল প্রাইভেসি ডিসপ্লে যুক্ত করা হয়েছে, যা পাশ থেকে স্ক্রিন দেখা সীমিত করবে।
বিশ্বজুড়ে এআই অবকাঠামো নির্মাণের কারণে মেমোরি চিপের দাম দ্রুত বাড়ছে, যার প্রভাব স্মার্টফোন বাজারেও পড়ছে। আগামী ১১ মার্চ থেকে গ্যালাক্সি এস২৬ সিরিজ বাজারে উন্মুক্ত করা হবে।
