মেট্রোরেল স্টেশন এলাকায় ভিডিও বা ছবি ধারণ করে কনটেন্ট তৈরির ওপর নতুন করে কড়াকড়ি আরোপ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা এক সতর্কবার্তায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম, কনকোর্স, প্রবেশ ও বের হওয়ার পথ, ট্রেনের ভেতরসহ সংশ্লিষ্ট কোনো স্থাপনায় ভিডিও ধারণ, ছবি তোলা, লাইভ সম্প্রচার বা যেকোনো ধরনের কনটেন্ট তৈরি করা যাবে না। এসব কনটেন্ট ইউটিউব বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করাও নিষিদ্ধ, তা বাণিজ্যিক হোক বা ব্যক্তিগত উদ্দেশ্যে।
নির্দেশনা অমান্য করে অনুমতি ছাড়া এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে সংশ্লিষ্ট আইন ও নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
এছাড়া জানানো হয়েছে, ডিএমটিসিএলের বাণিজ্যিক স্পেস ভাড়া/ইজারা নীতিমালা ২০২৩ অনুসারে মেট্রোরেল এলাকার ভেতরে বাণিজ্যিক শুটিং, ভিডিও বা ফটোগ্রাফির জন্য নির্ধারিত প্রক্রিয়ায় আগাম আবেদন করে অনুমতি নিতে হবে।
