ঢাকা     ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ১২ ফাল্গুন ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রায় ৩৯ লাখ

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রায় ৩৯ লাখ

২০২৫-২৬ করবর্ষের জন্য অনলাইনে প্রায় ৩৯ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। তাদের ই-রিটার্ন দাখিলের সুবিধায় মোবাইল ফোনের পরিবর্তে তাদের নিজস্ব ই-মেইলে ওটিপি প্রেরণের মাধ্যমে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর জানায়, বিদেশে অবস্থানরত করদাতারা পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য [email protected] ঠিকানায় পাঠালে তাদের ই-মেইলে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হচ্ছে। এর মাধ্যমে তারা সহজেই ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন।

এনবিআর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ করবর্ষে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্য সব ব্যক্তি-শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। গত বছরের ৪ আগস্ট www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ২০২৫-২৬ করবর্ষের ই-রিটার্ন কার্যক্রম উদ্বোধন হয়।

সংস্থাটি আরো জানায়, প্রবাসীসহ সব শ্রেণির করদাতার এই ব্যাপক আগ্রহ দেশের কর ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে বড় ভূমিকা রাখছে। ব্যক্তি-শ্রেণির সব করদাতাকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য অনুরোধ করা হয়েছে।