ঢাকা     ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ৪ ফাল্গুন ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ডিজনির আইনি চাপের মুখে এআই অ্যাপ নিয়ন্ত্রণে বাইটড্যান্স

প্রকাশিত: ১৪:৫০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ডিজনির আইনি চাপের মুখে এআই অ্যাপ নিয়ন্ত্রণে বাইটড্যান্স

হলিউডের শীর্ষ বিনোদন প্রতিষ্ঠানগুলোর আইনি হুমকির মুখে নিজেদের বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিডিও তৈরির অ্যাপ নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছে টিকটকের মূল কোম্পানি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্স। 

ডিজনির পক্ষ থেকে পাঠানো ‘সিজ অ্যান্ড ডিজিস্ট’ নোটিশের পর প্রতিষ্ঠানটি জানায়, কপিরাইট সুরক্ষা জোরদার করতে নতুন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি বাইটড্যান্সের এআই ভিডিও তৈরির অ্যাপ ‘সিড্যান্স ২.০’ চালুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত বাস্তবধর্মী ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এসব ভিডিওতে মার্ভেল ও স্টার ওয়ার্সের জনপ্রিয় চরিত্রসহ বিভিন্ন কপিরাইট সংরক্ষিত কনটেন্ট ব্যবহারের অভিযোগ ওঠে। ডিজনি অভিযোগ করে, অ্যাপটি তাদের কপিরাইটকৃত চরিত্রের একটি ‘পাইরেটেড লাইব্রেরি’ ব্যবহার করছে এবং এটিকে তারা ‘ভার্চুয়াল স্ম্যাশ-অ্যান্ড-গ্র্যাব’ বলে আখ্যা দেয়।

বাইটড্যান্স এক বিবৃতিতে জানায়, তারা মেধাস্বত্ব আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ব্যবহারকারীদের মাধ্যমে অননুমোদিত কনটেন্ট তৈরি ঠেকাতে বিদ্যমান সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে। যদিও নতুন নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত জানানো হয়নি। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বাস্তব ব্যক্তির ছবি আপলোডের সুবিধা সাময়িকভাবে বন্ধ করেছে বলেও জানিয়েছে।

মোশন পিকচার অ্যাসোসিয়েশন, যা ওয়ার্নার ব্রাদার্স, প্যারামাউন্ট ও নেটফ্লিক্সসহ বড় স্টুডিওগুলোর প্রতিনিধিত্ব করে অ্যাপটির কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে। অভিনেতাদের সংগঠন SAG-AFTRA-ও এটিকে কপিরাইট লঙ্ঘনের উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। এদিকে জাপান সরকারও জনপ্রিয় অ্যানিমে চরিত্র ব্যবহারের অভিযোগে তদন্ত শুরু করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, জেনারেটিভ এআই প্রযুক্তির দ্রুত বিস্তার বিনোদন শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করলেও কপিরাইট সুরক্ষা এখন বড় আইনি চ্যালেঞ্জ হয়ে উঠছে।