সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছে দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি ২ লাখ ৫৮ হাজার টাকা থেকে কমিয়ে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম সকাল সাড়ে ৯টা থেকে কার্যকর হয়েছে। তেজাবী (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৯ হাজার ৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭১ হাজার ১১১ টাকা।
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা।
এদিকে বিশ্ব বাজারে সোনার দাম নিম্নমুখী রয়েছে। বিশ্বজুড়ে সোনা ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, বাংলাদেশ সময় ১০টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৯৩৫ ডলার। আগের দিন ছিল ৪ হাজার ৯৫৮ ডলার।
