ঢাকা     ২০ ফেব্রুয়ারি ২০২৬ ||  ৭ ফাল্গুন ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

উন্নয়নশীল দেশের জন্য ৩ বিলিয়ন ডলারের এআই তহবিলের আহ্বান জাতিসংঘের

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

উন্নয়নশীল দেশের জন্য ৩ বিলিয়ন ডলারের এআই তহবিলের আহ্বান জাতিসংঘের

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উন্নয়নশীল দেশগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুগে পিছিয়ে পড়া থেকে রক্ষা করতে ৩ বিলিয়ন ডলারের একটি বৈশ্বিক তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘এআই ইন্ডিয়া সামিটে’ তিনি বলেন, এআই প্রযুক্তির ভবিষ্যৎ কয়েকটি দেশ বা অল্পসংখ্যক ধনকুবেরের হাতে সীমাবদ্ধ থাকতে পারে না, এটি সবার জন্য উন্মুক্ত হতে হবে।

গুতেরেস আরো বলেন, এআই নিয়ে অতিরঞ্জিত আশা ও অযৌক্তিক ভয়ের পরিবর্তে তথ্যভিত্তিক বোঝাপড়া তৈরি এবং জ্ঞানগত বৈষম্য কমানো জরুরি। তিনি জানান, গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদ এআই বিষয়ক একটি স্বাধীন আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্যানেল গঠন করেছে এবং বৈশ্বিক এআই শাসনব্যবস্থা নিয়ে সংলাপ শুরু করেছে, যাতে মানবাধিকার রক্ষা, অপব্যবহার প্রতিরোধ এবং নিরাপদ প্রযুক্তি ব্যবহারের কাঠামো তৈরি করা যায়।

তিনি সতর্ক করে বলেন, পর্যাপ্ত বিনিয়োগ না হলে অনেক দেশ এআই বিপ্লব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। প্রস্তাবিত তহবিলের অর্থ দক্ষতা উন্নয়ন, ডেটা অবকাঠামো, সাশ্রয়ী কম্পিউটিং সুবিধা এবং অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তি পরিবেশ গড়ে তুলতে ব্যয় করা হবে।

গুতেরেসের মতে, এআই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, বৈজ্ঞানিক উদ্ভাবন ত্বরান্বিত করা এবং জনসেবা সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একই সঙ্গে এটি বৈষম্য বাড়ানো, পক্ষপাত সৃষ্টি এবং অপব্যবহারের ঝুঁকিও তৈরি করতে পারে। তাই এআই যেন মানুষের সক্ষমতা বাড়ায়, প্রতিস্থাপন না করে—সে লক্ষ্যে বিনিয়োগ বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।