ঢাকা     ০১ মার্চ ২০২৬ ||  ১৭ ফাল্গুন ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

হরমুজ প্রণালী বন্ধ, তেলের বাজারে অস্থিরতার শঙ্কা

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৭, ১ মার্চ ২০২৬

হরমুজ প্রণালী বন্ধ, তেলের বাজারে অস্থিরতার শঙ্কা

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা শুরু করার পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। শনিবার (২৮ ফেব্রুয়ারি) একথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন অ্যাসপিডেস–এর এক কর্মকর্তা।

আইআরজিসি থেকে ভিএইচএফ বেতার বার্তার মাধ্যমে জাহাজগুলোকে জানানো হচ্ছে যে "হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না"।

নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে দেওয়া বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন অ্যাসপিডেস–এর ওই  কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেন, বিভিন্ন বাণিজ্যিক ও বেসামরিক জাহাজ এ ধরনের বার্তা পেয়েছে বলে মিশনের কাছে তথ্য রয়েছে। তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো নির্দেশনা জারির বিষয়টি নিশ্চিত করেনি।

হরমুজ প্রণালী বিশ্বে তেল রপ্তানির সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হিসেবে বিবেচিত। এই সরু জলপথের মাধ্যমে সৌদি আরব, ইরান, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো তাদের জ্বালানি রপ্তানি করে। বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার একটি বড় অংশ এই প্রণালীর ওপর নির্ভরশীল।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘাতের মধ্যে এ ধরনের বার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তেহরান বহু বছর ধরেই বলে আসছে, ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে কোনো সামরিক হামলা হলে প্রতিশোধ হিসেবে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে।

বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে, এই জলপথে সামান্য বিঘ্নও বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। ইতোমধ্যেই তেলের বাজারে ইরানে হামলার জেরে অস্থিরতার আশঙ্কা দেখা যাচ্ছে।