ঢাকা     ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ১৩ ফাল্গুন ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে হাঁস-মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে হাঁস-মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি

জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশ থেকে হাঁস-মুরগি এবং ডিম আমদানির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসএফডিএ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সংক্রামক 'অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা' বা বার্ড ফ্লুসহ বিভিন্ন প্রাণিবাহিত রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ৪০টি দেশের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা ছাড়াও আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ দেয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের পরিস্থিতি ও বিভিন্ন সংক্রামক রোগের বিস্তার পর্যালোচনা করে এই তালিকা নিয়মিত হালনাগাদ করা হয়। তালিকায় থাকা কোনো কোনো দেশের ওপর এই নিষেধাজ্ঞা ২০০৪ সাল থেকেই কার্যকর রয়েছে। 

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদন ও প্রাণিবাহিত রোগের প্রাদুর্ভাবের ওপর ভিত্তি করে বছরের পর বছর ধরে এই তালিকায় নতুন নতুন দেশকে যুক্ত করা হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় যেসব দেশ

-পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, চীন, যুক্তরাজ্য, জার্মানি, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মিশর, নাইজেরিয়া, মেক্সিকো ও ভিয়েতনাম। সাথে আরও আছে আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, তাইওয়ান, জিবুতি, দক্ষিণ আফ্রিকা, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখস্তান, ক্যামেরুন, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মিয়ানমার, মঙ্গোলিয়া, নেপাল, নাইজার, নাইজেরিয়া, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া, আইভরি কোস্ট ও মন্টেনেগ্রো।

এছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া ও ডিআর কঙ্গোর নির্দিষ্ট অঙ্গরাজ্য বা শহর থেকে আংশিক আমদানিতে বিধিনিষেধ প্রযোজ্য হবে।

তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত স্বাস্থ্য ও নিরাপত্তা মানদণ্ড পূরণ সাপেক্ষে প্রক্রিয়াজাত মুরগির মাংস ও সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে এ সাময়িক নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। তবে শর্ত হলো, এসব পণ্য অবশ্যই অনুমোদিত স্বাস্থ্য ও সুরক্ষা মানদণ্ড মেনে তৈরি হতে হবে। 

এছাড়া আমদানির সময় রপ্তানিকারক দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া সনদ জমা দিতে হবে, যেখানে উল্লেখ থাকবে যে পণ্যগুলো বার্ড ফ্লু বা নিউক্যাসল ভাইরাসমুক্ত এবং অনুমোদিত কারখানায় প্রক্রিয়াজাত করা হয়েছে।