ঢাকা     ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ১১ ফাল্গুন ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

নতুন বিধিমালায় সিএন্ডএফ এজেন্ট লাইসেন্সের আবেদন আহ্বান এনবিআরের

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১১:২০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

নতুন বিধিমালায় সিএন্ডএফ এজেন্ট লাইসেন্সের আবেদন আহ্বান এনবিআরের

আমদানি-রপ্তানি কার্যক্রমে সেবার মান উন্নয়ন ও প্রতিযোগিতামূলক পরিবেশ জোরদার করতে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট লাইসেন্স প্রদানের জন্য আবেদন আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

রোববার জারি করা এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আগ্রহীদের আগামী ৩১ মার্চ ২০২৬ বিকেল ৪টার মধ্যে নির্ধারিত ‘ফরম-ক’ পূরণ করে সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনের লাইসেন্সিং কর্তৃপক্ষের সভাপতির কাছে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মূল কপি সংযুক্ত করা বাধ্যতামূলক।

এনবিআর জানায়, কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ২৪৩ অনুসারে প্রণীত নতুন ‘কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট লাইসেন্সি বিধিমালা, ২০২৬’ কার্যকর হয়েছে। এর ফলে ২০২০ সালের কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা বাতিল হয়েছে। নতুন বিধিমালার মাধ্যমে সিএন্ডএফ এজেন্টদের কার্যক্রম আরও আধুনিক, স্বচ্ছ ও সময়োপযোগী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

আবেদনের যোগ্যতা হিসেবে বলা হয়েছে, আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। দেশি-বিদেশি যৌথ মালিকানার কোম্পানিও আবেদন করতে পারবে, তবে বিদেশি অংশীদারদের শেয়ার মোট শেয়ারের ৪৯ শতাংশের বেশি হতে পারবে না। এক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিক একাধিক লাইসেন্স নিতে পারবেন না। আবেদনপত্রে একটি মাত্র কাস্টমস স্টেশনের নাম উল্লেখ করতে হবে; একাধিক স্টেশনের নাম দিলে আবেদন বাতিল হবে।

আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, ভ্যাট নিবন্ধন সনদ (যদি থাকে), হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতার সনদ, সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। কোম্পানির ক্ষেত্রে মেমোরেন্ডাম ও আর্টিকেল অব অ্যাসোসিয়েশন এবং অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অংশীদারি চুক্তিপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।

এছাড়া আবেদন ফি হিসেবে ৫ হাজার টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার ‘ডিরেক্টর জেনারেল, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম’-এর অনুকূলে জমা দিতে হবে। একই সঙ্গে ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে ঘোষণাপত্র দিতে হবে যে, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে আগে কোনো লাইসেন্স নেওয়া হয়নি। অফিস কক্ষের মালিকানা বা ভাড়ার দলিল এবং কাস্টমস ও ভ্যাট আইন সম্পর্কে অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে) সংযুক্ত করতে হবে।

সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনগুলো প্রাথমিক যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির ওয়েবসাইটে প্রকাশ করবে। লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচী এবং ফলাফলও একই ওয়েবসাইটে জানানো হবে।

বিধি অনুযায়ী চূড়ান্তভাবে লাইসেন্স প্রদান করবে সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনের লাইসেন্সিং কর্তৃপক্ষ। নির্ধারিত শর্ত পূরণ না করলে বা সময়সীমা পেরিয়ে আবেদন জমা দিলে তা বাতিল বলে গণ্য হবে। কর্তৃপক্ষ প্রয়োজনে পরীক্ষার সময়সূচী পরিবর্তন বা সংশোধন করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।