ঢাকা     ০৪ মার্চ ২০২৬ ||  ২০ ফাল্গুন ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

গোপনীয়তার বিষয়ে নতুন বিতর্কে টিকটক

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১১:২১, ৪ মার্চ ২০২৬

গোপনীয়তার বিষয়ে নতুন বিতর্কে টিকটক

ডাইরেক্ট মেসেজে এন্ড-টু-এন্ড এনক্রিপশন (E2EE) চালু করবে না বলে জানিয়েছে চীনা সর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। এর ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত বার্তা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে না—এমন উদ্বেগ তৈরি হয়েছে। প্রাইভেসি বিশেষজ্ঞদের মতে, এটি বৈশ্বিক গোপনীয়তা মানদণ্ড থেকে পিছিয়ে থাকা।

তবে প্রতিষ্ঠানটির দাবি, প্রাইভেসি প্রযুক্তি ব্যবহারকারীদের বিশেষ করে কিশোর-কিশোরীদের ঝুঁকিতে ফেলতে পারে। E2EE ব্যবস্থায় কেবল প্রেরক ও প্রাপকই বার্তার বিষয়বস্তু দেখতে পারেন, ফলে প্ল্যাটফর্ম বা আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজন হলেও তা পর্যালোচনা করতে পারে না।

হোয়াটসঅ্যাপ, সিগন্যাল, মেসেঞ্জারসহ অধিকাংশ বড় প্ল্যাটফর্ম E2EE ব্যবহার করছে। সেখানে টিকটকের ভিন্ন অবস্থান তাকে ‘আউট অব স্টেপ’ বা বৈশ্বিক প্রাইভেসি প্রত্যাশা থেকে আলাদা করে তুলছে।

টিকটক বিবিসিকে জানিয়েছে, তারা ‘প্রোঅ্যাকটিভ সেফটি’কে অগ্রাধিকার দিচ্ছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, ডিএমগুলো স্ট্যান্ডার্ড এনক্রিপশনে সুরক্ষিত থাকবে এবং নির্দিষ্ট পরিস্থিতিতে—যেমন আইনগত অনুরোধ বা ব্যবহারকারীর অভিযোগে অনুমোদিত কর্মীরা তা পর্যালোচনা করতে পারবেন। সমালোচকদের মতে, এটি ব্যবহারকারীর ব্যক্তিগত যোগাযোগে কর্পোরেট বা সরকারি হস্তক্ষেপের সুযোগ বাড়ায়।

বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত টিকটককে বৈশ্বিক প্রাইভেসি মানদণ্ড থেকে আলাদা অবস্থানে রাখছে এবং আরও বাড়াতে পারে। টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স চীনা কোম্পানি হওয়ায় দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীর ডেটা চীনা সরকারের প্রভাবের আওতায় যেতে পারে এমন অভিযোগ রয়েছে। যদিও টিকটক তা অস্বীকার করে, তবুও সন্দেহ পুরোপুরি দূর হয়নি।

বিশ্বব্যাপী এক বিলিয়নের বেশি ব্যবহারকারী নিয়ে টিকটকের এই পদক্ষেপ প্রযুক্তি দুনিয়ায় নতুন করে ‘গোপনীয়তা বনাম নিরাপত্তা’ বিতর্ককে সামনে এনেছে।