ঢাকা     ০২ ফেব্রুয়ারি ২০২৬ ||  ২০ মাঘ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

মাসে সর্বোচ্চ ৪০ হাজার কোটি টাকার লেনদেনের রেকর্ড নগদের

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৬:২২, ১ ফেব্রুয়ারি ২০২৬

মাসে সর্বোচ্চ ৪০ হাজার কোটি টাকার লেনদেনের রেকর্ড নগদের

ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ নিজেদের ইতিহাসে একমাসে সর্বোচ্চ লেনদেনে রেকর্ড করেছে। সদ্য বিদায়ী জানুয়ারি মাসে নগদ ৪০ হাজার ৩০১ কোটি টাকা লেনদেন করেছে, যা এখন পর্যন্ত একমাসে সর্বোচ্চ লেনদেন।

লেনদেনে নতুন মাইলফলক অর্জনের ফলে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, নগদ তার গ্রাহকদের আস্থা অর্জনে কাজ করেছে এবং গ্রাহকবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে। ফলে দিনদিন নগদের লেনদেন বাড়ছে। 

মো. মোতাছিম বিল্লাহ আরও বলেন, বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন প্রতিষ্ঠান হিসেবে নগদ বর্তমানে আরও উন্নত সেবার মাধ্যমে গ্রাহকের অর্থের অধিকতর নিশ্চয়তা দিয়ে এগিয়ে যাচ্ছে। এর ফলে নতুন নতুন গ্রাহক নগদের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং বিদ্যমান গ্রাহকেরাও আগের চেয়ে বেশি লেনদেন করছেন। এ ছাড়া সেবার কলেবর বৃদ্ধি ও বিভিন্ন কার্যক্রম নগদের লেনদেন সক্ষমতা দিন দিন বাড়িয়েছে।

গত বছরের অক্টোবর মাসে নগদ সর্বোচ্চ মাসিক লেনদেনের রেকর্ড গড়ে। ওই মাসে ৩৪ হাজার ৭০৫ কোটি টাকার বেশি লেনদেন হয়। এর আগে ২০২৫ সালের মার্চ মাসে ৩৪ হাজার কোটি টাকার লেনদেন ছাড়ায় নগদ। ২০২৪ সালের জুন মাসে একবার ৩২ হাজার কোটি টাকার লেনদেন হয়েছিল। এ ছাড়া ২০২৫ সালে প্রতিষ্ঠানটির মাধ্যমে মোট ৩ লাখ ৮০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। এর আগের বছর ২০২৪ সালে লেনদেন হয়েছিল প্রায় ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা।