ক্লাউডভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে এআই–চালিত নতুন ফিচার যুক্ত করেছে বৈশ্বিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। সর্বশেষ আপডেটে ‘ক্যাসপারস্কি কনটেইনার সিকিউরিটি’তে ওপেনএআই এপিআই সংযুক্ত করা হয়েছে, যার ফলে নিরাপত্তা দুর্বলতা ও সম্ভাব্য ঝুঁকি শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে তার বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যাবে। এতে তদন্ত প্রক্রিয়া দ্রুত হবে এবং নিরাপত্তা দল সহজে ঝুঁকির অগ্রাধিকার নির্ধারণ করতে পারবে।
ক্যাসপারস্কি ক্লাউড ওয়ার্কলোড সিকিউরিটি (সিডব্লিউএস) আধুনিক ডেভওপস ও হাইব্রিড ক্লাউড পরিবেশে বিভিন্ন ওয়ার্কলোড, কুবেরনেটিস ক্লাস্টার এবং ক্লাউড প্ল্যাটফর্মে কেন্দ্রীয়ভাবে নজরদারি নিশ্চিত করে। নতুন আপডেটে তৃতীয় পক্ষের বড় ভাষা মডেল (এলএলএম) ব্যবহার করে কনটেইনার ইমেজ স্ক্যানিংয়ের ফলাফল আরও তথ্যসমৃদ্ধ করা হয়েছে।
এছাড়া সিঙ্গেল সাইন-অন (এসএসও) ইন্টিগ্রেশন, মাল্টি-ডোমেইন অ্যাকটিভ ডিরেক্টরি সাপোর্ট এবং উন্নত ইমেজ স্ক্যানিং সুবিধা যুক্ত হয়েছে। পারফরম্যান্স উন্নত করতে ‘লাইট এজেন্ট’ আপডেট করা হয়েছে, যেখানে সর্বশেষ উইন্ডোজ ও লিনাক্স এন্ডপয়েন্ট সিকিউরিটি সংস্করণ ব্যবহৃত হয়েছে।
প্রতিষ্ঠানটির মতে, নতুন এআই ইন্টিগ্রেশন ক্লাউড পরিবেশে ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও দ্রুত ও কার্যকর করবে।
