ঢাকা     ১৬ মার্চ ২০২৬ ||  ২ চৈত্র ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ক্রেডিট কার্ডে ঋণসীমা ৪০ লাখ টাকা, সর্বোচ্চ সুদ ২৫ শতাংশ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০১, ১৬ মার্চ ২০২৬

ক্রেডিট কার্ডে ঋণসীমা ৪০ লাখ টাকা, সর্বোচ্চ সুদ ২৫ শতাংশ নির্ধারণ

দেশে ডিজিটাল লেনদেন ও নগদবিহীন অর্থনীতিকে আরও সুশৃঙ্খল করতে নতুন ক্রেডিট কার্ড নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী ক্রেডিট কার্ডের ঋণসীমা আগের ২৫ লাখ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৪০ লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে কার্ডে বার্ষিক সুদের সর্বোচ্চ হার ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গ্রাহক সুরক্ষা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং দায়িত্বশীল ঋণ প্রদানের বিষয়টি বিবেচনায় রেখেই এ নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলো এখন জামানত ছাড়া সর্বোচ্চ ২০ লাখ টাকা এবং জামানতের বিপরীতে ৪০ লাখ টাকা পর্যন্ত ক্রেডিট সুবিধা দিতে পারবে।

গ্রাহকের মাসিক আয়, ঋণের চাপ এবং আর্থিক ইতিহাস যাচাই করে ব্যাংকগুলোকে ক্রেডিট সীমা নির্ধারণ করতে হবে। কোনো গ্রাহকের একাধিক ব্যাংকে কার্ড থাকলে সেই তথ্যও ঝুঁকি মূল্যায়নে বিবেচনায় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কার্ডধারীরা আগের মতোই মোট সীমার সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

নতুন নীতিমালায় বলা হয়েছে, সুদ শুধু বকেয়া টাকার ওপর ধার্য হবে এবং নির্ধারিত সময় পার হওয়ার পরদিন থেকে তা কার্যকর হবে। গ্রাহকের সম্মতি ছাড়া নতুন কার্ড ইস্যু, ক্রেডিট সীমা বৃদ্ধি বা অতিরিক্ত সেবা যুক্ত করা যাবে না।

এছাড়া কোনো ক্রেডিট কার্ড ১২ মাস ব্যবহার না হলে ‘ডরম্যান্ট’ হিসেবে চিহ্নিত করা হবে এবং ২৪ মাস নিষ্ক্রিয় থাকলে তা বন্ধ করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, নতুন নির্দেশনায় দেশের ক্রেডিট কার্ড খাতে স্বচ্ছতা ও গ্রাহক সুরক্ষা আরও জোরদার হবে।