ঢাকা     ১২ মার্চ ২০২৬ ||  ২৮ ফাল্গুন ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় ১১.৩ বিলিয়ন ডলার

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৬, ১২ মার্চ ২০২৬

আপডেট: ১৪:৫৮, ১২ মার্চ ২০২৬

ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় ১১.৩ বিলিয়ন ডলার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী সামরিক অভিযানের প্রথম ছয় দিনেই অন্তত ১১.৩ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। কংগ্রেসে এক গোপন ব্রিফিংয়ে দেওয়া এই তথ্যের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে রয়টার্স।

মঙ্গলবার মার্কিন সিনেটরদের জন্য আয়োজিত ওই বন্ধদ্বার বৈঠকে প্রশাসনের কর্মকর্তারা যুদ্ধের প্রাথমিক ব্যয়ের এই হিসাব তুলে ধরেন। তবে এতে পুরো যুদ্ধের মোট ব্যয় অন্তর্ভুক্ত নয় বলে জানানো হয়েছে। কংগ্রেসের কয়েকজন সহকারী জানিয়েছেন, যুদ্ধ পরিচালনার জন্য শিগগিরই হোয়াইট হাউস কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দের আবেদন করতে পারে। সেই অনুরোধ ৫০ বিলিয়ন ডলার বা তার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন প্রশাসন এখনো যুদ্ধের মোট সম্ভাব্য ব্যয় বা সংঘাত কতদিন চলতে পারে সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো পূর্ণাঙ্গ মূল্যায়ন প্রকাশ করেনি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এক সফরে বলেছেন, আমরা যুদ্ধে জিতেছি, কিন্তু কাজ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে।

এই ব্যয়ের হিসাব প্রথম প্রকাশ করে The New York Times। প্রশাসনের কর্মকর্তাদের মতে, হামলার প্রথম দুই দিনেই প্রায় ৫.৬ বিলিয়ন ডলারের গোলাবারুদ ব্যবহার করা হয়েছে।

এদিকে ইরানকে ঘিরে সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পাল্টা আক্রমণে এখন পর্যন্ত প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই ইরানি ও লেবানিজ নাগরিক। শিশুদের ওপর এর প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে UNICEF। সংস্থাটি জানিয়েছে, চলমান সংঘাতে অন্তত ১,১০০ শিশু নিহত বা আহত হয়েছে। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলার কারণে প্রায় ৮ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।