ঢাকা     ০১ ফেব্রুয়ারি ২০২৬ ||  ১৯ মাঘ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

দুর্বল ব্যাংককে টাকা দেয়ার বিষয়ে আইএমএফের আপত্তি

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৭, ১ ফেব্রুয়ারি ২০২৬

দুর্বল ব্যাংককে টাকা দেয়ার বিষয়ে আইএমএফের আপত্তি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশে দুর্বল ব্যাংকগুলোকে অনিরাপদ তারল্য সহায়তা দেওয়ার বিষয়ে সতর্কতা জানিয়েছে এবং বিনিময় হার সংস্কার সম্পূর্ণ ও ধারাবাহিকভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। 

বাংলাদেশের জন্য আর্টিকেল ফোর পরামর্শ কার্যক্রম শেষ করে শুক্রবার দেওয়া এক বিবৃতিতে এসব পরামর্শ দেয় সংস্থাটি। একই সঙ্গে ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের পর ও আসন্ন জাতীয় নির্বাচনের আগে অর্থনীতি স্থিতিশীল রাখতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বীকৃতি দিয়েছে আইএমএফ।

বিবৃতিতে বলা হয়, আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মানদণ্ডসম্মত একটি বিশ্বাসযোগ্য ব্যাংক খাত সংস্কার কৌশল জরুরি। এতে মূলধন ঘাটতির সঠিক পরিমাপ, রাজস্ব সহায়তার কাঠামো নির্ধারণ এবং আইনগতভাবে শক্তিশালী পুনর্গঠন ও সমাধান পরিকল্পনার রূপরেখা থাকতে হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সম্পদের মান পর্যালোচনা (একিউআর), ঝুঁকিভিত্তিক তদারকি জোরদার, সুশাসন ও ব্যালান্স শিটের স্বচ্ছতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছে আইএমএফ।

সংস্থাটি বলেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতিগত কঠোরতার সমন্বয় বজায় রাখা প্রয়োজন। বিনিময় হারকে আরও নমনীয় করতে সংস্কার পুরোপুরি বাস্তবায়ন জরুরি। একই সঙ্গে দুর্বল ব্যাংকে অনিরাপদ তারল্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

মুদ্রানীতির বিষয়ে আইএমএফ জানায়, মূল্যস্ফীতি স্পষ্টভাবে নিম্নমুখী না হওয়া পর্যন্ত নীতি কঠোর রাখা উচিত। ২০২৪–২৫ অর্থবছরের শুরুতে দুই অঙ্কের ঘর থেকে নেমে এলেও অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২ শতাংশ। ২০২৫–২৬ অর্থবছরে তা ৮ দশমিক ৯ শতাংশে থাকতে পারে এবং ২০২৭ অর্থবছরে প্রায় ৬ শতাংশে নামার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আইএমএফের মতে, দুর্বল কর রাজস্ব, ব্যাংক খাতের ঝুঁকি, বিনিময় হার কাঠামোর অসম্পূর্ণ বাস্তবায়ন ও উচ্চ মূল্যস্ফীতি সামষ্টিক অর্থনীতিতে চাপ তৈরি করছে। সাহসী রাজস্ব ও আর্থিক সংস্কারে বিলম্ব হলে নিম্নমুখী ঝুঁকি বাড়বে। সংস্থাটি ২০২৫–২৬ অর্থবছরে প্রবৃদ্ধি ৪ দশমিক ৭ শতাংশ এবং মধ্যমেয়াদে ধীরে ধীরে প্রায় ৬ শতাংশে উন্নীত হওয়ার আশা প্রকাশ করেছে।

এ ছাড়া ভর্তুকি যৌক্তিকীকরণ, প্রবৃদ্ধিবর্ধক বিনিয়োগে অগ্রাধিকার, সামাজিক সুরক্ষা জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সরকারি আর্থিক ও বিনিয়োগ ব্যবস্থাপনা উন্নত করার পরামর্শ দিয়েছে আইএমএফ।