এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় (এপিএসি) অঞ্চলে সাইবার নিরাপত্তা জোরদারে সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি)-এ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের আগ্রহ দ্রুত বাড়ছে। তবে পরিকল্পনা থাকলেও বাস্তবায়নের পথে নানা সীমাবদ্ধতা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
বৈশ্বিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, এপিএসি অঞ্চলের ৯৯ শতাংশ প্রতিষ্ঠান ভবিষ্যতে এসওসিতে এআই ব্যবহারের পরিকল্পনা করছে। এর মধ্যে ৬৭ শতাংশ প্রতিষ্ঠান সম্ভাব্যভাবে এআই গ্রহণে আগ্রহী, আর ৩২ শতাংশ ইতোমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
গবেষণায় দেখা যায়, প্রতিষ্ঠানগুলো এআই ব্যবহারের মাধ্যমে হুমকি শনাক্তকরণ দক্ষতা বাড়ানো, স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া নিশ্চিত করা এবং ফলস পজিটিভ অ্যালার্ট কমানোর আশা করছে। বিশেষ করে অস্বাভাবিক আচরণ বিশ্লেষণ ও রুটিন কাজ স্বয়ংক্রিয় করার মাধ্যমে নিরাপত্তা টিমের কাজ সহজ করার দিকেই জোর দেওয়া হচ্ছে।
তবে বাস্তব প্রয়োগে বড় বাধা হিসেবে উঠে এসেছে মানসম্মত ট্রেনিং ডেটার অভাব, দক্ষ জনবল সংকট, সিস্টেম ইন্টিগ্রেশনের জটিলতা ও উচ্চ ব্যয়। ক্যাসপারস্কির কর্মকর্তারা জানান, এআই ও সাইবার নিরাপত্তা—উভয় ক্ষেত্রেই দক্ষ বিশেষজ্ঞের স্বল্পতা থাকায় অনেক প্রতিষ্ঠানের জন্য নিজস্ব এআই–চালিত এসওসি গড়ে তোলা কঠিন হয়ে পড়ছে।
এই পরিস্থিতিতে ক্যাসপারস্কি এসআইইএম, নেক্সট সিকিউরিটি প্ল্যাটফর্ম ও থ্রেট ইন্টেলিজেন্সের মতো এআই-সমর্থিত সমাধান ব্যবহারের মাধ্যমে কার্যকর ও বিশ্বস্ত এসওসি গড়ে তোলার পরামর্শ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
