আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেনে সাময়িক বিধিনিষেধ আরোপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনের সময় অর্থের মাধ্যমে ভোটার প্রভাবিত করার আশঙ্কা রোধ করতেই বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্ল্যাটফর্মে লেনদেনের সীমা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।
প্রস্তাবিত নির্দেশনা অনুযায়ী, বিধিনিষেধ কার্যকর থাকাকালে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। তবে একবারে পাঠানো যাবে সর্বোচ্চ ১ হাজার টাকা। একই সঙ্গে এই সময়ের মধ্যে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ স্থানান্তর (পিটুপি ট্রান্সফার) সাময়িকভাবে বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে। তবে বিল পরিশোধ, বেতন, ব্যবসায়িক লেনদেন বা প্রাতিষ্ঠানিক পেমেন্টের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এই বিধিনিষেধ আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রোববার জানান, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং সেবা পরিচালনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের চূড়ান্ত নির্দেশনা পাওয়ার পর দ্রুত সার্কুলার জারি করা হবে বলেও জানান তিনি।
বর্তমানে এমএফএস গ্রাহকেরা দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে তিন লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। প্রস্তাবিত নতুন সীমা কার্যকর হলে নির্বাচনকালীন সময়ে এই সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
