ঢাকা     ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ১২ ফাল্গুন ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বৃহস্পতি গ্রহের বিস্ময়কর ছবি প্রকাশ

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৩, ২৩ আগস্ট ২০২২

আপডেট: ২০:০৮, ২৪ আগস্ট ২০২২

বৃহস্পতি গ্রহের বিস্ময়কর ছবি প্রকাশ

সৌর জগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির (জুপিটার) এক অবিশ্বাস্য ছবি তুলেছে জেমস ওয়েব টেলিস্কোপ, যেমনটা এর আগে কখনো দেখা যায়নি। বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী এ টেলিস্কোপে ধরা পড়া এই ছবি সোমবার প্রকাশ করেছেন নাসার বিজ্ঞানীরা।

নজিরবিহীন এই ছবিগুলো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ জুলাই মাসে তুলেছে। বৃহস্পতির উত্তর ও দক্ষিণাঞ্চলের মেরুজ্যোতি (অরোরা), ঘূর্ণায়মান মেরু কুয়াশা ও জুপিটারের বড় লাল অংশটি (বিগ রেড স্পট) সুস্পষ্টভাবে দেখা যায়। এছাড়াও এতে এমন একটি ঝড়ের চিহ্ন দেখা গেছে, যা পুরো পৃথিবীকে গ্রাস করার জন্য যথেষ্ট। সঙ্গে আরও অসংখ্য ছোট ছোট ঝড়ও দেখা গেছে ছবিটিতে।

একটি প্রশস্ত ছবিতে গ্রহটির চারপাশে কিছু আবছা বলয় দেখা গেছে। এছাড়াও, উজ্জ্বল ছায়াপথের পটভূমিকায় দুটি ক্ষুদ্র আকারের উপগ্রহ দেখা যায়। বিজ্ঞানীরা এই ছবিটিকে 'নাটকীয়' বলে আখ্যায়িত করেছেন।

পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেয়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গ্রহ সংক্রান্ত জ্যোতির্বিজ্ঞানী ইমকে দে প্যাতার বলেন, আমরা এর আগে কখনো জুপিটারকে এভাবে দেখিনি। সব মিলিয়ে বিষয়টি অবিশ্বাস্য। ছবিগুলো প্রত্যাশার চেয়েও অনেক বেশি ভালো এসেছে।

মার্কিন-ফরাসি গবেষণা দলের দেয়া তথ্য অনুযায়ী, ইনফ্রারেড ছবিতে গ্রহের বৈশিষ্ট্য বোঝানোর জন্য কৃত্রিমভাবে নীল, সাদা, সবুজ, হলুদ ও কমলা রঙে রাঙানো হয়।

হাবল স্পেস টেলিস্কোপের উত্তরসূরি হিসেবে বিবেচিত, ১০ বিলিয়ন ডলারের এই টেলিস্কোপটি রকেটের মাধ্যমে গতবছরের শেষ দিকে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে। গত গ্রীষ্ম থেকে মার্কিন মহাকাশ অভিযান সংস্থা নাসা ও ইউরোপীয় স্পেস এজেন্সির যৌথ প্রয়াসে নির্মিত এই টেলিস্কোপ ইনফ্রারেড রশ্মির ব্যবহারে মহাবিশ্ব নিরীক্ষা করছে। বিজ্ঞানীদের প্রত্যাশা, এই টেলিস্কোপের মাধ্যমে মহাবিশ্বের সূচনালগ্নের রহস্যের সমাধান হবে।