ঢাকা     ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  ২৮ মাঘ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ই-রিটার্নে শূন্য আয় দেখিয়েছে ৭০% মানুষ

প্রকাশিত: ১৫:২৮, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ই-রিটার্নে শূন্য আয় দেখিয়েছে ৭০% মানুষ

অনলাইনে আয়কর রিটার্ন বা ই–রিটার্ন দাখিলের ক্ষেত্রে বড় ধরনের অসঙ্গতির তথ্য সামনে এনেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, চলতি বছরে ই–রিটার্ন জমা দেওয়া প্রায় ৭০ শতাংশ মানুষ শূন্য আয় দেখিয়েছেন। 

রাজধানীতে আয়োজিত ‘ম্যাক্রোইকোনমিক ইনসাইটস: নির্বাচিত সরকারের জন্য একটি অর্থনৈতিক সংস্কার এজেন্ডা’ শীর্ষক এক সংলাপে তিনি এ কথা বলেন। সংলাপটির আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ও অস্ট্রেলিয়ান সরকারের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি)।

অর্থ উপদেষ্টা বলেন, দায়িত্ব নেওয়ার পর বারবার প্রাতিষ্ঠানিক সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও আইন ও বিধি মানার প্রবণতা কম থাকায় কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না। প্রকৃত আয় গোপন করে শূন্য আয় দেখানো হলে সরকারের রাজস্ব আহরণ ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয় বলেও তিনি মন্তব্য করেন।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করে পিআরআইয়ের প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক স্থিতিশীলতায় অগ্রগতি হলেও প্রবৃদ্ধি এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। তাই রাজস্ব ও আর্থিক খাতে সাহসী সংস্কার জরুরি। পিআরআই চেয়ারম্যান ড. জাইদী সাত্তার বলেন, মৌলিক সংস্কার বাস্তবায়ন হলে বাংলাদেশ আবার ৭–৮ শতাংশ প্রবৃদ্ধির পথে ফিরতে পারে।