বিশ্বের ১৮২টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে ২৪। একই স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে আছে আফ্রিকান রিপাবলিক ও প্যারাগুয়ে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ধানমন্ডি টিআইবির কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৫ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. মো. ইফতেখারুজ্জামান এ তথ্য জানান।
এ বছর ৮৯ স্কোর নিয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে আছে ডেনমার্ক। আর ৯ স্কোর নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে আছে দক্ষিণ সুদান ও সোমালিয়া। ১৮২টি দেশের মধ্যে ১০০ এর মধ্যে ২৪ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১৩তম এবং উচ্চক্রম অনুযায়ী অবস্থান ১৫০তম।
টিআইবি বলছে, এবার কোনো দেশ শতভাগ স্কোর করতে পারেনি। বিশ্বের ৮০ শতাংশ মানুষ বেশি দুর্নীতিগ্রস্ত দেশে বসবাস করে। বৈশ্বিকভাবে দিন দিন দুর্নীতির ব্যাপকতা বাড়ছে। যেসব দেশ গণতন্ত্রের কথা বলে তাদের দেশেও দুর্নীতি ঊর্ধ্বমুখী।
এর আগে ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম।
