ঢাকা     ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  ২৮ মাঘ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ঘরে বসেই জেনে নিন আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

প্রকাশিত: ১৬:১২, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ঘরে বসেই জেনে নিন আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

ভোটের দিন যে তথ্যটি একজন ভোটারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো ভোটকেন্দ্র ও ভোটার নম্বর। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অনেকেই মনে করেন এনআইডি নম্বর আর ভোটার নম্বর একই। তবে এই ধারণা ভুল। আপনার ভোটার নম্বর না জানা থাকলে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে কিছুটা সময় বেশি লাগতে পারে।

তবে ঘরে বসে অনলাইনেই জানতে পারবেন আপনার ভোটার নম্বর। 

স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ বিডি: ভোটাররা স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানতে পারবেন। এজন্য প্লে স্টোর বা অ্যাপস স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ইনস্টল শেষে ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ সিলেক্ট করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ ইনপুট দিলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা প্রদর্শিত হবে।

হটলাইন নম্বর ১০৫: ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানার জন্য দেশের যে কোনো স্থান থেকে হটলাইন নম্বর ১০৫-এ কল করতে পারবেন। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করতে হবে। এ পদ্ধতিতে তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে।

এসএমএস: এসএমএসের মাধ্যমে তথ্য জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC <স্পেস> এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসের মাধ্যমে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানানো হবে।

ওয়েবসাইট: এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমেও ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানা যাবে। এজন্য যে কোনো ব্রাউজার থেকে ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করতে হবে। সেখানে দুটি উপায়ে তথ্য খোঁজা যাবে। প্রথমত, নির্বাচনি এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করে সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকা দেখা যাবে। এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলেও ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য পাওয়া যাবে।