বৈদ্যুতিক যানবাহনের বাজারে আরও বড় পরিসরে প্রবেশ করেছে চীনা নিউ এনার্জি ভেহিকল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। প্রতিষ্ঠানটি দেশে একসঙ্গে তিনটি নতুন মডেলের গাড়ি—বিওয়াইডি সিল ৫, সিল ৬ এবং সিলায়ন ৬ এডব্লিউডি—উন্মোচন করেছে।
রোববার (১৭ মে) সন্ধ্যায় ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে গাড়িগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাংসহ প্রতিষ্ঠানটির স্থানীয় ও আন্তর্জাতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে ৬০টি প্রি-অর্ডার করা গাড়িও গ্রাহকদের কাছে হস্তান্তর করা হয়।
নতুন আনা বিওয়াইডি সিল ৫ মূলত একটি সুপার প্লাগ-ইন হাইব্রিড সেডান। এতে রয়েছে ১৫০০ সিসির উচ্চ দক্ষতাসম্পন্ন ইঞ্জিন, বিওয়াইডির ডিএম-আই প্রযুক্তি এবং ব্লেড ব্যাটারি। একবার পূর্ণ চার্জ ও ফুয়েলে গাড়িটি সর্বোচ্চ ১,০০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। গাড়িটিতে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, এডিএএস নিরাপত্তা প্রযুক্তি, ৬টি এয়ারব্যাগ এবং বড় ইনফোটেইনমেন্ট ডিসপ্লেও যুক্ত করা হয়েছে।
অন্যদিকে, সম্পূর্ণ বৈদ্যুতিক সেডান বিওয়াইডি সিল ৬ একবার চার্জে প্রায় ৪১০ কিলোমিটার চলতে পারে। এতে ডিসি ফাস্ট চার্জিং, অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, ব্লেড ব্যাটারি এবং আধুনিক নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
প্রিমিয়াম এসইউভি সেগমেন্টে আনা হয়েছে বিওয়াইডি সিলায়ন ৬ এডব্লিউডি। অল-হুইল-ড্রাইভ সুবিধাসম্পন্ন এই প্লাগ-ইন হাইব্রিড এসইউভিতে রয়েছে ১৫০০ সিসির টার্বোচার্জড ইঞ্জিন এবং সর্বোচ্চ ১২৮ কিলোমিটার পিউর ইলেকট্রিক রেঞ্জ। গাড়িটিতে প্যানোরামিক সানরুফ, ইনফিনিটি সাউন্ড সিস্টেম, ৭টি এয়ারব্যাগ ও উন্নত ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে বিওয়াইডির কর্মকর্তারা জানান, বাংলাদেশ এখন তাদের জন্য গুরুত্বপূর্ণ উদীয়মান বাজার। দেশে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যানবাহনের চাহিদা বাড়ায় তারা আরও আধুনিক প্রযুক্তির গাড়ি আনতে আগ্রহী। নতুন মডেলগুলোর মধ্যে বিওয়াইডি সিল ৫-এর প্রথম ৫০০ ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩৮ লাখ ৯০ হাজার টাকা। সিল ৬-এর দাম ৪৮ লাখ ৯০ হাজার টাকা এবং সিলায়ন ৬ এডব্লিউডি পাওয়া যাবে ৭১ লাখ ৯০ হাজার টাকায়। তিনটি গাড়িতেই থাকছে দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি সুবিধা ও বিওয়াইডির অত্যাধুনিক ব্লেড ব্যাটারি প্রযুক্তি।
