তরুণ ব্যবহারকারীদের দীর্ঘমেয়াদী স্মার্টফোন ব্যবহারের চাহিদাকে গুরুত্ব দিয়ে নতুন ‘হট ৭০’ স্মার্টফোন বাজারে এনেছে চীনা প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। মিড-রেঞ্জ সেগমেন্টের এই ফোনটিকে স্টাইলিশ ডিভাইস, দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও মজবুত ডিজাইনের সমন্বয়ে তৈরি একটি নির্ভরযোগ্য স্মার্টফোন হিসেবে উপস্থাপন করছে প্রতিষ্ঠানটি।
ইনফিনিক্স জানিয়েছে, ফোনটিতে টানা ৭২ মাস বা প্রায় ৬ বছর পর্যন্ত ‘সিস্টেম ফ্লুয়েন্সি’ নিশ্চিত করা হবে। ফলে দীর্ঘদিন ব্যবহারের পরও ফোনটি সাবলীলভাবে কাজ করবে। বিশেষ করে শিক্ষার্থী, গেমার ও চাকরিজীবীদের কথা মাথায় রেখে ফোনটির পারফরম্যান্স অপটিমাইজ করা হয়েছে।
ফোনটিতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি-১০০ আলটিমেট চিপসেট, যা মাল্টিটাস্কিং, গেমিং এবং দৈনন্দিন ব্যবহারে দ্রুত ও স্থিতিশীল অভিজ্ঞতা দেবে। দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করতে এতে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি। এছাড়া ‘বাইপাস চার্জিং’ ও ‘সেলফ-হিলিং’ প্রযুক্তি ব্যাটারির আয়ু বাড়াতে সহায়তা করবে।
স্মার্টফোনটি ‘এসজিএস ড্রপ টেস্ট’ সার্টিফায়েড হওয়ায় ১.৫ মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও সহজে ক্ষতিগ্রস্ত হবে না। ধুলো ও পানির ঝাপটা থেকে সুরক্ষার জন্য রয়েছে IP65 রেটিং। পাশাপাশি ‘ইন্টেলিজেন্ট ড্রেন অ্যান্ড ডাস্ট ইজেকশন’ প্রযুক্তি ফোনের ভেতরে জমে থাকা ধুলা ও আর্দ্রতা দূর করতে সাহায্য করবে।
স্মার্ট ফিচারের অংশ হিসেবে ইনফিনিক্স যুক্ত করেছে ‘নিউ ফোলাক্স এআই’। এর ‘ওয়ান-ট্যাপ এআই ফ্ল্যাশমেমো’ ফিচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত সংরক্ষণ করা যাবে। এছাড়া এআই-ভিত্তিক আরও বেশ কিছু টুল দৈনন্দিন ব্যবহারকে সহজ করবে। দেশের বাজারে ইনফিনিক্স হট ৭০ পাওয়া যাচ্ছে দুটি ভ্যারিয়েন্টে— ৪+১২৮ জিবি সংস্করণের দাম ১৮,৯৯৯ টাকা এবং ৬+১২৮ জিবি সংস্করণের দাম ২১,৯৯৯ টাকা।
