দীর্ঘদিনের বিনিয়োগ খরা কাটিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবারও হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। মঙ্গলবার দিন শেষে ডিএসইতে মোট ১ হাজার ১০১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়, যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। একইসঙ্গে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়ে দাঁড়ায় ৫ হাজার ২২৯ দশমিক ৯৫ পয়েন্টে।
এর আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৭১৪ কোটি ৯৭ লাখ টাকা এবং সূচক ছিল প্রায় ৫ হাজার ২০৫ পয়েন্টে। সর্বশেষ গত ২৮ এপ্রিল ডিএসইতে হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল, সেদিন হাতবদল হয় ১ হাজার ২৬ কোটি টাকার শেয়ার।
বাজার বিশ্লেষকদের মতে, পুঁজিবাজার সংস্কার নিয়ে সরকারের ইতিবাচক বার্তা এবং ব্যাংক খাতভিত্তিক নতুন বিনিয়োগ উদ্যোগ বাজারে আস্থার পরিবেশ তৈরি করেছে। এদিন রাজধানীর এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা ক্যাপিটাল মার্কেট রিফর্মে যাচ্ছি। বড় ধরনের সংস্কার হবে এবং শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলা হবে।
মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮৮টির দর বেড়েছে, ১৩৮টির কমেছে এবং ৬৭টির দর অপরিবর্তিত ছিল। প্রকৌশল, ওষুধ ও রসায়ন, বস্ত্র, বীমা এবং ব্যাংক খাতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে।
দিন শেষে ব্লক মার্কেটে প্রায় ৩৭২ কোটি টাকার লেনদেন হয়, যা মোট লেনদেনের বড় অংশ। শেয়ারদর বৃদ্ধিতে শীর্ষে ছিল রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস, যার দর প্রায় ১০ শতাংশ বেড়ে ২৪ টাকা ৩০ পয়সায় পৌঁছায়। অন্যদিকে দরপতনের তালিকায় ছিল মেঘনা পিইটি, মুন্নু সিরামিক এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
