দেশের শীর্ষ আইসিটি পণ্য ও প্রযুক্তি সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান Lenovo কর্তৃক মর্যাদাপূর্ণ ‘ডিস্ট্রিবিউটর এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬’ পেয়েছে প্রতিষ্ঠানটি।
১২ মে শ্রীলঙ্কার কলম্বোতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রযুক্তি অংশীদার, ডিস্ট্রিবিউটর ও আইসিটি খাতের প্রতিনিধিরা অংশ নেন।
স্মার্ট টেকনোলজিসের পক্ষে প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান পুরস্কার গ্রহণ করেন। তার হাতে সম্মাননা তুলে দেন লেনোভো ইন্ডিয়ার ওভারসিজ বিভাগের ডিরেক্টর নাভিন কেজরিওয়াল। বাংলাদেশে ২০২৫-২৬ অর্থবছরে লেনোভো পোর্টফোলিও বিলিং কার্যক্রমে অসাধারণ সাফল্য, বাজার সম্প্রসারণ এবং ব্যবসায়িক দক্ষতার স্বীকৃতিস্বরূপ স্মার্ট টেকনোলজিসকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
এস এম মহিবুল হাসান বলেন, দেশের আইসিটি খাতের উন্নয়নে স্মার্ট টেকনোলজিস দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লেনোভোর সঙ্গে দৃঢ় অংশীদারিত্ব, কার্যকর ব্যবসায়িক কৌশল এবং উন্নত গ্রাহকসেবার ধারাবাহিক প্রচেষ্টার ফলেই এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত লেনোভো পণ্য ব্যবস্থাপক মাজেদ ইবনে আলি ইবনু বলেন, এই অর্জন দেশের প্রযুক্তি শিল্পে স্মার্ট টেকনোলজিসের নেতৃত্বস্থানীয় অবস্থানকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ডগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সক্ষমতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবেও কাজ করবে।
