ঢাকা     ১৯ নভেম্বর ২০২৬ ||  ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামানের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ১৭:৫৩, ১৯ নভেম্বর ২০২৬

বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামানের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান। বুধবার (১৮ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব নেন। এর আগে গত ১৫ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে চেয়ারম্যান পদে পদায়ন করা হয়।

মেজর জেনারেল মোঃ ওয়াহিদ-উজ-জামান (অব.) বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে নেতৃত্ব, প্রশাসন, ব্যবস্থাপনা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সামরিক বাহিনীর বিভিন্ন কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণমূলক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সেনা সদর দপ্তরের আইটি পরিদপ্তরের পরিচালক, ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের কমান্ডার এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

বিটিআরসিতেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি কমিশনের স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় কঙ্গোতে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি কর্মকর্তা এবং ক্রোয়েশিয়ায় জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন।

শিক্ষাজীবনে তিনি ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। দেশে-বিদেশে তার তিনটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। এর মধ্যে তথ্যব্যবস্থা নিরাপত্তা বিষয়ে স্বর্ণপদকসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ন্যাশনাল ডিফেন্স কোর্স, ওয়ার কোর্স ও আর্মি স্টাফ কোর্সও সম্পন্ন করেছেন।

তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে তার বিশেষ দক্ষতা রয়েছে। সেনাবাহিনীর জন্য নিরাপদ যোগাযোগব্যবস্থা ও সফটওয়্যার উন্নয়ন, এমআইএসটিতে সাইবার জিম প্রতিষ্ঠা এবং ইলেকট্রনিক যুদ্ধ ও সাইবার নিরাপত্তাবিষয়ক নীতিমালা প্রণয়নে তিনি ভূমিকা রাখেন। পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সেনাবাহিনী পদক (এসবিপি) এবং দুইবার বিশিষ্ট সেবা পদক (বিএসপি) অর্জন করেন।

নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিটিআরসির নেতৃত্বে পরিবর্তন এলো। এর আগে কমিশনের চেয়ারম্যান ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. এমদাদ উল বারী। ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর তাকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। তবে গত ১৫ নভেম্বর সরকার তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে।

দেশের টেলিযোগাযোগ খাতে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিটিআরসির দায়িত্ব বেশ বিস্তৃত। মোবাইল ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান, তরঙ্গ ব্যবস্থাপনা, সেবার মান পর্যবেক্ষণ, ট্যারিফ নিয়ন্ত্রণ এবং গ্রাহকস্বার্থ সংরক্ষণে সংস্থাটি কাজ করে। ফলে নতুন চেয়ারম্যানের সামনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বিশেষ করে মোবাইল ইন্টারনেটের সেবার মান ও গতি বাড়ানো, ৫জি প্রযুক্তির সম্প্রসারণ, অবৈধ ও অনিবন্ধিত হ্যান্ডসেট নিয়ন্ত্রণ, সাইবার নিরাপত্তা জোরদার এবং টেলিযোগাযোগ সেবায় গ্রাহকের অভিযোগের কার্যকর সমাধান নিশ্চিত করা তার মেয়াদে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। একই সঙ্গে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি ও প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে নিয়ন্ত্রক কাঠামোর সামঞ্জস্য রাখাও প্রয়োজন হবে।