ঢাকা     ১৭ নভেম্বর ২০২৬ ||  ২ অগ্রাহায়ণ ১৪৩৩

Biz Tech 24 :: বিজ টেক ২৪

মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ চান মালিকপক্ষ

প্রকাশিত: ১৯:২৫, ১৬ নভেম্বর ২০২৬

মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ চান মালিকপক্ষ

তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণে স্থগিত হওয়া মজুরি বোর্ডের তৃতীয় সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছে শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। নির্ধারিত সময়ের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার ওপর গুরুত্ব দিয়ে সংগঠন দুটি বলেছে, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের ঘোষণা থাকায় দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন। এতে বাড়তি বেতন পরিশোধের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন কারখানার মালিকেরা।

সোমবার (১৬ নভেম্বর) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় বিজিএমইএ ও বিকেএমইএ। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

এদিন সকাল ১১টায় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল। সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়। বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিশে ‘অনিবার্য কারণবশত’ সভা স্থগিতের কথা জানানো হয়।

মালিকপক্ষের ভাষ্য, সভায় প্রস্তাব জমা দেওয়ার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত ছিল। শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভা স্থগিত হয়েছে বলে গণমাধ্যমের মাধ্যমে তারা জানতে পেরেছে। তার দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি নতুন সভার তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে সংগঠন দুটি।

মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন এর আগে জানিয়েছিলেন, মজুরি প্রস্তাব জমা দিতে তারা শতভাগ প্রস্তুত ছিলেন এবং বোর্ডের কার্যক্রম দ্রুত শেষ করতে আগ্রহী। বোর্ডের সদস্যদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সকাল সোয়া ৯টার দিকে সভা স্থগিতের বার্তা দেওয়া হয় বলে জানান তিনি।

তবে সভা স্থগিতের পেছনে অন্য কারণের কথাও উঠে এসেছে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানান, বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী তাকে ফোনে সভা স্থগিতের কথা জানান। আনোয়ার হোসাইনের অসুস্থতার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা ও শ্রম অসন্তোষের বিষয়ও বিবেচনায় নেওয়া হয়েছে বলে চেয়ারম্যান তাকে জানিয়েছিলেন।

এর আগে গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে শ্রমিকদের জন্য যথাক্রমে ৪৮ হাজার, ৪৩ হাজার, ৩৮ হাজার ও ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেন। নতুন কর্মীদের শিক্ষানবিশকালীন বেতন ৩০ হাজার টাকা করার দাবিও জানানো হয়। কর্মচারীদের জন্য সর্বোচ্চ ৫৫ হাজার এবং সর্বনিম্ন ৪০ হাজার টাকা বেতনের প্রস্তাব দেয় শ্রমিকপক্ষ।

অন্যদিকে, মালিকপক্ষের প্রস্তাব প্রায় ১৫ হাজার টাকার আশপাশে হতে পারে বলে সংশ্লিষ্ট শিল্পমালিকদের বরাত দিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব এখনো বোর্ডে জমা পড়েনি।

এদিকে মজুরি নিয়ে অনিশ্চয়তার মধ্যে সোমবারও গাজীপুরের কোনাবাড়ীতে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও দুটি কারখানায় ওই দিনের জন্য ছুটি দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন মজুরি কাঠামো ১ ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকরের লক্ষ্য থাকলেও বোর্ডের সভা স্থগিত হওয়ায় নির্ধারিত সময়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।