ঢাকা     ১৮ জুলাই ২০২৬ ||  ৩ শ্রাবণ ১৪৩৩

Biz Tech 24 :: বিজ টেক ২৪

স্মার্টফোনের দাম ২,৫০০ টাকায় নামাতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০২, ২৬ এপ্রিল ২০২৬

স্মার্টফোনের দাম ২,৫০০ টাকায় নামাতে চায় সরকার

দেশে ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়াতে স্মার্টফোনের দাম ২,৫০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে নামিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি ও টেলিযোগাযোগবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। 

গতকালশনিবার ‘নতুন টেলিযোগাযোগ নীতিমালা: উদ্যোক্তাদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, এখনও দেশের প্রায় ৫০ শতাংশ মানুষের হাতে স্মার্টফোন নেই, যা ডিজিটাল অগ্রগতির জন্য বড় চ্যালেঞ্জ।

তিনি জানান, বর্তমানে সবচেয়ে সস্তা স্মার্টফোনের দাম ৯,০০০–১০,০০০ টাকার মধ্যে থাকায় নিম্নআয়ের মানুষ এই প্রযুক্তির বাইরে থেকে যাচ্ছে। এ কারণে মোবাইল প্রস্তুতকারক, অপারেটর এবং বাংলাদেশ ব্যাংক-সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে, যাতে উৎপাদন খরচ ও কর কমিয়ে ডিভাইসের দাম কমানো যায়।

সরকার ‘ওয়ান সিটিজেন, ওয়ান ডিজিটাল আইডি, ওয়ান ডিজিটাল ওয়ালেট’ নীতিও চালুর পরিকল্পনা করছে। এর আওতায় জন্মের পর থেকেই প্রতিটি নাগরিকের একটি ডিজিটাল আইডি ও ওয়ালেট থাকবে, যা ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের সঙ্গে যুক্ত থাকবে।

এদিকে টেলিযোগাযোগ খাতে উচ্চ করহার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বর্তমানে ১০০ টাকা রিচার্জে গ্রাহক পান মাত্র ৬২ টাকার সেবা। বিশেষজ্ঞদের মতে, কর কাঠামো সংস্কার ও সাশ্রয়ী ডিভাইস নিশ্চিত করা গেলে দেশে ডিজিটাল অর্থনীতি আরও দ্রুত প্রসার পাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেলিযোগাযোগ বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির।