মহাকাশযান নাসার ভয়েজার-১
মানুষের তৈরি সবচেয়ে দূরবর্তী মহাকাশযান নাসার ভয়েজার-১ এবার মহাকাশ গবেষণায় নতুন এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব অতিক্রমের দ্বারপ্রান্তে রয়েছে ১৯৭৭ সালে উৎক্ষেপণ করা এই মহাকাশযান। এক আলোকদিন হলো আলো ২৪ ঘণ্টায় যে দূরত্ব অতিক্রম করে, যা প্রায় ২৬ বিলিয়ন কিলোমিটার বা ১৬ বিলিয়ন মাইল।
নাসার তথ্য অনুযায়ী, ঘণ্টায় প্রায় ৬১ হাজার কিলোমিটার গতিতে ছুটে চলা ভয়েজার-১ নির্ধারিত সময় অনুযায়ী বুধবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল ৫টা ১৬ মিনিটে পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে পৌঁছানোর কথা। এটি শুধু দূরত্বের রেকর্ড নয়, প্রায় পাঁচ দশক ধরে মহাকাশযানটির কার্যক্ষমতা ধরে রাখা এবং এত দূর থেকে এর সঙ্গে যোগাযোগ বজায় রাখার অসাধারণ প্রকৌশলগত সাফল্য।
১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে টাইটান থ্রি-ই সেন্টর রকেটে উৎক্ষেপণ করা হয় ভয়েজার-১। এর ১৬ দিন আগে উৎক্ষেপণ হয়েছিল এর যমজ মহাকাশযান ভয়েজার-২। তবে কয়েক মাসের মধ্যেই দূরত্বের হিসাবে ভয়েজার-১ তার যমজকে ছাড়িয়ে যায়।
বৃহস্পতি ও শনির গ্রহ-উপগ্রহ অনুসন্ধানে গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়েছিল ভয়েজার-১। এটি বৃহস্পতির চারপাশে একটি সরু বলয় এবং থিবি ও মেটিস নামের দুটি নতুন উপগ্রহ শনাক্ত করে। শনির চারপাশেও পাঁচটি নতুন উপগ্রহ এবং জি-রিংয়ের সন্ধান দেয়। অন্যদিকে ভয়েজার-২ ইউরেনাস ও নেপচুনের কাছ দিয়ে উড়ে গিয়ে সেসব গ্রহ সম্পর্কে নতুন তথ্য সংগ্রহ করে।
২০১২ সালে ভয়েজার-১ সূর্যের তৈরি হেলিওস্ফিয়ারের বাইরের সীমানা অতিক্রম করে আন্তনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে। সূর্য থেকে নির্গত কণা ও চৌম্বক ক্ষেত্রের তৈরি এই বুদ্বুদসদৃশ অঞ্চল সৌরজগতের বাইরের পরিবেশ থেকে ভেতরের অংশকে কিছুটা সুরক্ষা দেয়। ভয়েজার-২ একই সীমানা অতিক্রম করে ২০১৮ সালে।
মহাকাশে সূর্যের প্রভাবের বাইরে মহাজাগতিক রশ্মির নিম্নশক্তির কণা সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহের সুযোগ তৈরি করেছে ভয়েজার-১। ক্যালটেকের গবেষক অ্যালান কামিংসের মতে, এই তথ্য মহাজাগতিক রশ্মি গবেষণায় বিশেষ গুরুত্বপূর্ণ।
ভয়েজার-১ ও ভয়েজার-২—দুটির সঙ্গেই রয়েছে ‘গোল্ডেন রেকর্ড’। সোনার প্রলেপ দেওয়া তামার এই ডিস্কে পৃথিবীর ছবি, প্রাকৃতিক শব্দ, সংগীত এবং ৫৫টি ভাষায় শুভেচ্ছাবার্তা সংরক্ষিত আছে। এর উদ্দেশ্য, ভবিষ্যতে কোনো বুদ্ধিমান ভিনগ্রহের প্রাণী মহাকাশযানটি খুঁজে পেলে পৃথিবী ও মানবসভ্যতা সম্পর্কে ধারণা পেতে পারে।
