বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের পণ্যে নতুন আমদানি শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে শুরু করা তদন্তের ফলাফল প্রকাশের পর দেশভিত্তিক নতুন শুল্কের প্রস্তাব দিতে পারে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয়। এতে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানি পণ্যের ওপর বিদ্যমান শুল্কের চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তের ফলাফল শিগগিরই প্রকাশের প্রস্তুতি চলছে। নতুন শুল্ক আগের আরোপিত শুল্কের সঙ্গে যুক্ত হবে। তবে প্রতিটি দেশের জন্য শুল্কের হার আলাদাভাবে নির্ধারণ করা হতে পারে। নতুন শুল্কের সুনির্দিষ্ট হার ও কার্যকরের সময় এখনো নিশ্চিত হয়নি।
তদন্তের আওতায় থাকা দেশগুলো হলো বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর ও কম্বোডিয়া। এ তালিকায় রয়েছে ইউরোপীয় ইউনিয়নও। গত মার্চে ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় তদন্ত শুরু করে ইউএসটিআর। সংশ্লিষ্ট দেশগুলোর উৎপাদননীতি, সরকারি ভর্তুকি ও শিল্প কাঠামো যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য অযৌক্তিক বা বৈষম্যমূলক কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশের ক্ষেত্রে বস্ত্র ও তৈরি পোশাক, সিমেন্ট এবং চামড়া শিল্পের উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার শুনানিও করেছে যুক্তরাষ্ট্র। ফলে নতুন শুল্ক আরোপ করা হলে দেশের প্রধান রপ্তানি খাতগুলোর ওপর তার প্রভাব পড়তে পারে।
বর্তমানে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের বিদ্যমান শুল্কের সঙ্গে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করার আইন যথাযথভাবে কার্যকর না করার অভিযোগে আরোপিত অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক যুক্ত হয়েছে। ইউএসটিআর গত ২৩ জুলাই এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা ঘোষণা করে। তবে পণ্যভেদে শুল্কের হার ও অব্যাহতির বিষয় আলাদা হতে পারে। নতুন করে শুল্ক আরোপ হলে তা বিদ্যমান দায়ের সঙ্গে যুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সাবেক মার্কিন বাণিজ্য কর্মকর্তা রায়ান মাজেরাস রয়টার্সকে বলেছেন, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে বলে বিবেচিত দেশগুলোর বিভিন্ন পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্কের প্রস্তাব আসতে পারে।
