ঢাকা     ২৫ নভেম্বর ২০২৬ ||  ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

Biz Tech 24 :: বিজ টেক ২৪

অনারের ৫জি ৬০০এস

৪৬ হাজার টাকার ফোনে মাত্র ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

প্রকাশিত: ২০:৫০, ২৫ নভেম্বর ২০২৬

৪৬ হাজার টাকার ফোনে মাত্র ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

বড় ব্যাটারি ও ৫জি নেটওয়ার্ক সুবিধা নিয়ে বাংলাদেশের বাজারে আসা অনার ৬০০এস স্মার্টফোনে এমন কিছু সীমাবদ্ধতা রয়েছে যা কেনার আগে ভাবিয়ে তুলতে পারে ক্রেতাদের। বিশেষ করে ডিসপ্লে, ক্যামেরা ও পারফরম্যান্সের ক্ষেত্রে ফোনটি ক্রেতাদের প্রত্যাশা পূরণ করতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ফোনটির সবচেয়ে বড় দুর্বলতা এর ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে ৬ দশমিক ৮৭২ ইঞ্চির TFT LCD প্যানেল, যার রেজল্যুশন মাত্র ১৫৯২ × ৭২০ পিক্সেল। অর্থাৎ বড় পর্দা হলেও এটি ফুল এইচডি নয়। ফলে ভিডিও দেখা, ছবি সম্পাদনা কিংবা ছোট লেখা পড়ার সময় প্রত্যাশিত শার্পনেস নাও পাওয়া যেতে পারে। একই দামের অনেক স্মার্টফোনে অ্যামোলেড অথবা উচ্চ রেজল্যুশনের ডিসপ্লে পাওয়া যায়।

ক্যামেরার ক্ষেত্রেও রয়েছে সীমাবদ্ধতা। পেছনে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা থাকলেও আলট্রাওয়াইড বা টেলিফটো ক্যামেরা নেই। সামনে রয়েছে মাত্র ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিও ধারণের সর্বোচ্চ রেজল্যুশন ১০৮০পি। ফলে উন্নত সেলফি, গ্রুপ ছবি কিংবা উচ্চমানের ভিডিও ধারণে আগ্রহীদের জন্য এটি খুব আকর্ষণীয় হবে না এটা নিশ্চিত। কম আলোতে ও হাত সামান্য কাঁপলে ছবির শার্পনেস নিয়েও সীমাবদ্ধতার বিষয়টি উঠে এসেছে। 

পারফরম্যান্সের দিক থেকেও ফোনটি মূলত সাধারণ ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ৪ প্রসেসর। সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও দেখা ও দৈনন্দিন কাজের জন্য এটি যথেষ্ট হলেও ভারী গেমিংয়ে উচ্চ গ্রাফিকস ও মসৃণ অভিজ্ঞতা প্রত্যাশীদের হতাশ করবে।

ফোনটির ওজন ২১৬ দশমিক ৫ গ্রাম। বড় ব্যাটারির কারণে এটি তুলনামূলক ভারী, যা দীর্ঘ সময় এক হাতে ব্যবহারে অস্বস্তি তৈরি করতে পারে। ৮১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে চার্জার দেয়া হয়েছে মাত্র ৪৫ ওয়াট। এর ফলে ব্যাটারি পূর্ণ চার্জ করতে তুলনামূলক বেশি সময় লাগবে। এতে ওয়্যারলেস ও রিভার্স চার্জিং সুবিধাও নেই।

বাংলাদেশে ফোনটির দাম ৪৫ হাজার ৯৯৯ টাকা। এই দামে বাজারে অন্যান্য ফোনগুলোতে আরো অনেক সুবিধা নিশ্চিত করা হয়েছে। তাই কেনার আগে নিজের ব্যবহারের প্রয়োজনের সঙ্গে ফোনটির সুবিধা-অসুবিধা মিলিয়ে দেখা জরুরি।