ঢাকা     ১২ জুন ২০২৬ ||  ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ফুলেফেঁপে উঠছে মোবাইল ব্যাংকিং লেনদেন

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৩, ১৯ জুন ২০২৩

আপডেট: ১৬:০৮, ২৫ জুন ২০২৩

ফুলেফেঁপে উঠছে মোবাইল ব্যাংকিং লেনদেন

দেশে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে মোবাইল ব্যাংকিং লেনদেন। প্রতিদিনই বাড়ছে গ্রাহক, বাড়ছে লেনদেনের পরিমাণও। বছরের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় সাড়ে ১৭ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্যমতে, চলতি বছরের এপ্রিল মাসে মোবাইল ব্যাংকিং মাধ্যমে রেকর্ড ১ লাখ ২৪ হাজার ৯৫৪ কোটি টাকা লেনদেন হয়েছে। এর আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ লাখ ৭ হাজার ৪৬০ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৭ হাজার ৪৯৪ কোটি টাকা।

খাত সংশ্লিষ্টরা বলছেন, তাৎক্ষণিক অর্থ লেনদেন ও পাঠানোর সুবিধার কারণে মোবাইল ব্যাংকিং সেবা জনপ্রিয় হয়ে উঠেছে। এর পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস, পানির বিল পরিশোধ করা, কেনাকাটা, বেতন-ভাতা প্রদান, প্রবাসীদের আয় পাঠানো যায় এ সেবার মাধ্যমে। এ কারণে সব ধরনে গ্রাহকই মোবাইল ব্যাংকিং সেবার সাথে যুক্ত হচ্ছেন। বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ে নিবন্ধিত হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ২০ কোটি ৬৮ লাখের বেশি।

২০১০ সালে মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু করে বাংলাদেশ ব্যাংক। ২০১১ সালের ৩১ মার্চ বেসরকারি খাতের ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেটের মধ্য দিয়ে দেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের যাত্রা শুরু। এরপর বিকাশ, নগদসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান এ সেবা দেয়া শুরু করে।