ঢাকা     ১৪ জুন ২০২৬ ||  ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বিলাসবহুল ‘লুচে’ বৈদ্যুতিক গাড়ি আনলো ফেরারি

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৬, ২৬ মে ২০২৬

বিলাসবহুল ‘লুচে’ বৈদ্যুতিক গাড়ি আনলো ফেরারি

ইতালির রোমে স্পোর্টস কার নির্মাতা প্রতিষ্ঠান ফেরারি ‘লুচে’ নামের সম্পূর্ণ বৈদ্যুতিক (ইভি) গাড়ি উন্মোচন করেছে।

স্পোর্টস কার নির্মাতা প্রতিষ্ঠান ফেরারি এবার প্রথমবারের মতো সম্পূর্ণ বৈদ্যুতিক (ইভি) গাড়ি উন্মোচন করেছে। সোমবার ইতালির রোমে আনুষ্ঠানিকভাবে ‘লুচে’ নামের নতুন এই গাড়ির পর্দা উন্মোচন করে প্রতিষ্ঠানটি। 

চার দরজার এই গাড়িটি ফেরারির ইতিহাসে প্রথম পাঁচ আসনের ইভি মডেল। গাড়িটির ডিজাইন তৈরিতে কাজ করেছেন অ্যাপলের সাবেক প্রধান ডিজাইনার জনি আইভ এবং তার ডিজাইন প্রতিষ্ঠান লাভফ্রম। প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্মের ক্রেতাদের লক্ষ্য করেই গাড়িটি তৈরি করেছে ফেরারি।

ফেরারির প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেদেত্তো ভিগনা বলেন, এটি পাঁচ বছরের গবেষণা ও উন্নয়নের ফল। নতুন এই গাড়ির মাধ্যমে ফেরারি শুধু স্পোর্টস কারপ্রেমীদের নয়, পরিবারকেন্দ্রিক বিলাসবহুল গ্রাহকদেরও আকৃষ্ট করতে চায়।

‘লুচে’ গাড়িটিতে রয়েছে চারটি বৈদ্যুতিক মোটর, অর্থাৎ প্রতিটি চাকার জন্য আলাদা মোটর। এতে ১,০০০ হর্সপাওয়ারের বেশি শক্তি উৎপন্ন হবে এবং সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩১০ কিলোমিটারের বেশি। একবার চার্জে গাড়িটি ৫০০ কিলোমিটারের বেশি পথ চলতে পারবে বলে জানিয়েছে ফেরারি।

গাড়িটির অভ্যন্তরে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম লেদার, কাচ ও অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম। পাশাপাশি টাচস্ক্রিনের পাশাপাশি ফিজিক্যাল কন্ট্রোলও রাখা হয়েছে, যা টেসলা ও অনেক চীনা ইভি ব্র্যান্ডের পুরোপুরি ডিজিটাল ডিজাইন থেকে আলাদা।

ফেরারি আশা করছে, চীনের মতো বড় বাজারে এই গাড়ি নতুন সুযোগ তৈরি করবে। কারণ সেখানে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার দ্রুত বাড়ছে এবং বড় পেট্রোলচালিত গাড়ির ওপর উচ্চ কর আরোপ করা হচ্ছে। ৫ লাখ ৫০ হাজার ইউরো মূল্যের এই বিলাসবহুল ইভির ডেলিভারি শুরু হবে চলতি বছরের শেষ প্রান্তিকে।