ঢাকা     ০৫ আগস্ট ২০২৬ ||  ২০ শ্রাবণ ১৪৩৩

Biz Tech 24 :: বিজ টেক ২৪

শীর্ষ কনটেন্ট ক্রিয়েটরদের আয় শুনলে চোখ কপালে উঠবে

প্রকাশিত: ১৬:৪৭, ৪ আগস্ট ২০২৬

শীর্ষ কনটেন্ট ক্রিয়েটরদের আয় শুনলে চোখ কপালে উঠবে

সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় কনটেন্ট ক্রিয়েটরদের প্রভাব ও ব্যবসায়িক শক্তি যে দ্রুত বাড়ছে তার আরেকটি বড় উদাহরণ উঠে এসেছে ফোর্বসের ২০২৬ সালের ‘টপ ক্রিয়েটরস’ তালিকায়। টানা পঞ্চম বছরের মতো তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন ইউটিউবার ও উদ্যোক্তা জিমি ডোনাল্ডসন। যিনি অনলাইনে মিস্টারবিস্ট নামে পরিচিত। ২০২৬ সালে তার আনুমানিক আয় ৩০ কোটি ডলার।

ফোর্বসের হিসাবে, মিস্টারবিস্টের বিভিন্ন ইউটিউব চ্যানেলে মোট সাবস্ক্রাইবার ৬৪ কোটির বেশি এবং বছরে তার ভিডিওগুলোতে ৫০০ কোটিরও বেশি ভিউ আসে। তার মালিকানাধীন বিস্ট ইন্ডাস্ট্রিজ এখন শুধু ভিডিও কনটেন্টের মধ্যে সীমাবদ্ধ নেই; খাদ্যপণ্য, বিশ্লেষণী প্রযুক্তি, খেলনা ও পোশাকের লাইসেন্সিংসহ বিভিন্ন ব্যবসায় বিস্তৃত হয়েছে। প্রতিষ্ঠানটির মূল্যায়ন প্রায় ৫০০ কোটি ডলার বলে জানিয়েছে ফোর্বস। 

মিস্টারবিস্টের সাফল্যের আরেকটি বড় দিক হলো কনটেন্ট থেকে ব্যবসায়িক সাম্রাজ্য তৈরি করা। তার জনপ্রিয় রিয়েলিটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বিস্ট গেমস’-এর দ্বিতীয় মৌসুম অ্যামাজন প্রাইমে এসেছে এবং তৃতীয় মৌসুমের কাজও চলছে। ২০২৬ সালে বিস্ট ইন্ডাস্ট্রিজ কিশোরদের বিনিয়োগ ও অর্থ ব্যবস্থাপনা শেখানো অ্যাপ ‘স্টেপ’ কিনেছে। ফলে বিনোদনের পাশাপাশি আর্থিক প্রযুক্তি খাতেও তার ব্যবসা সম্প্রসারিত হচ্ছে।

ফোর্বসের ২০২৬ সালের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ধ্যার মান, যার আয় ৬ কোটি ৫০ লাখ ডলার। তৃতীয় স্থানে স্টিভেন বার্টলেটের আয় ৫ কোটি ২০ লাখ ডলার। চতুর্থ মার্কিপ্লায়ার ৩ কোটি ৮০ লাখ এবং পঞ্চম স্থানে থাকা রেট এবং লিঙ্ক-এর আয় ৩ কোটি ৭০ লাখ ডলার। তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন চার্লি ডি’অ্যামেলিও, যার আয় ১ কোটি ৮০ লাখ ডলার।

এবারের তালিকা ডিজিটাল কনটেন্ট অর্থনীতির ব্যাপক পরিবর্তনের চিত্রও তুলে ধরেছে। ফোর্বসের হিসাবে, শীর্ষ ৫০ ক্রিয়েটর ২০২৬ সালে সম্মিলিতভাবে ১০২ কোটি ডলার আয় করেছেন। গত বছর এই আয় ছিল ৮৫ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরে আয় বেড়েছে প্রায় ২০ শতাংশ। ২০২২ সালের প্রথম তালিকার তুলনায় সম্মিলিত আয় বেড়েছে প্রায় ৮০ শতাংশ।

শুধু আয় নয়, শীর্ষ ৫০ ক্রিয়েটরের সম্মিলিত অনুসারীর সংখ্যাও বেড়েছে। ২০২৬ সালে বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে তাদের মোট অনুসারী দাঁড়িয়েছে প্রায় ৩৬০ কোটি, যা আগের বছরের ৩৩৭ কোটির তুলনায় ৭ শতাংশ বেশি। 

ফোর্বস বলছে, শীর্ষ ক্রিয়েটররা এখন শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও নির্মাতা নন। তারা এখন নিজস্ব স্টুডিও গড়ে তুলছেন, চলচ্চিত্র নির্মাণ করছেন, নেটফ্লিক্স ও অ্যামাজনের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মে অনুষ্ঠান করছেন এবং খাদ্য, পোশাক, প্রযুক্তি ও অন্যান্য খাতে ব্যবসা তৈরি করছেন। এমনকি কিছু ক্রিয়েটরের চলচ্চিত্র বক্স অফিসেও প্রচলিত হলিউড প্রযোজনাকে চ্যালেঞ্জ করছে। 

মিস্টারবিস্টের নেতৃত্বে এই তালিকা তাই কনটেন্ট নির্মাতাদের আয়-সাফল্যের পাশাপাশি বিনোদন ও ব্যবসার ভবিষ্যৎ দিকটিও স্পষ্ট করছে। দর্শক-অনুসারীদের সঙ্গে সরাসরি সম্পর্ক, নিজস্ব ব্র্যান্ড এবং একাধিক আয়ের উৎস—এই তিনের সমন্বয়ই এখন শীর্ষ ক্রিয়েটরদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠছে।