কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দৌড়ে এগিয়ে থাকতে বিপুল অঙ্কের বিনিয়োগ করছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। তবে এই বিনিয়োগের প্রভাবে এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো প্রতিষ্ঠানের নগদ প্রবাহ ঋণাত্মক অবস্থায় পৌঁছেছে।
প্রতিষ্ঠানটির সর্বশেষ আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অ্যালফাবেটের অবাধ নগদ প্রবাহ ঋণাত্মক ৫ দশমিক ৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবকাঠামো নির্মাণে ব্যাপক ব্যয়ের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
গুগলের প্রধান অর্থ কর্মকর্তা আনাত আশকেনাজি জানিয়েছেন, দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি ৪৫ বিলিয়ন ডলার মূলধনী ব্যয় করেছে। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ ব্যয় হয়েছে সার্ভার স্থাপনে এবং বাকি ৪০ শতাংশ ডেটা সেন্টার নির্মাণ ও সম্প্রসারণে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা এখনও বিনিয়োগের গতিকেও ছাড়িয়ে যাচ্ছে।
এদিকে চলতি বছরে অ্যালফাবেটের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে মোট বিনিয়োগ ১৯৫ থেকে ২০৫ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে, যা আগের পূর্বাভাসের চেয়েও বেশি। এতো বড় ব্যয় নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ায় আর্থিক ফল প্রকাশের পর শেয়ারদর প্রায় ৪ শতাংশ কমে গেছে।
তবে ব্যবসায়িক আয় বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। দ্বিতীয় প্রান্তিকে অ্যালফাবেটের মোট আয় দাঁড়িয়েছে ১১৯ দশমিক ৮ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ বেশি।
