চীনা স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের হট সিরিজের নতুন ডিভাইস হট ৭০ উন্মোচন করেছে, যা মূলত গেমিং ও দৈনন্দিন ব্যবহারে উন্নত পারফরম্যান্স দেওয়ার লক্ষ্যেই তৈরি। ‘প্লে ইন কালার, উইন ইন গ্লোরি’ ধারণায় তৈরি এই স্মার্টফোনে পারফরম্যান্স, ডিসপ্লে এবং ব্যাটারির ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
ডিভাইসটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট চিপসেট, যা মাল্টিটাস্কিং ও গেমিংয়ে স্মুথ অভিজ্ঞতা নিশ্চিত করে। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ৯০ এফপিএস পর্যন্ত গেমিং সাপোর্ট করে। ফলে দ্রুত রেসপন্স ও পরিষ্কার ভিজ্যুয়াল পাওয়া যায়। দীর্ঘ সময় ব্যবহারেও পারফরম্যান্স ধরে রাখতে এতে যুক্ত করা হয়েছে ‘বাইপাস চার্জিং’ প্রযুক্তি।
হট ৭০-এ রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ক্যামেরা সেকশনে আছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ডিজাইনের দিক থেকেও ফোনটি আকর্ষণীয়, বিশেষ করে থার্মো অরেঞ্জ ভ্যারিয়েন্টের রঙ পরিবর্তনের ফিচারটি নতুনত্ব যোগ করেছে। ফোনটি ৪ জিবি ও ৬ জিবি র্যামসহ ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, যার দাম যথাক্রমে ১৮,৯৯৯ ও ২১,৯৯৯ টাকা। শিগগিরই ৮ জিবি র্যাম ভ্যারিয়েন্টও বাজারে আসবে।
