যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করার অভিযোগে ফেসবুকের মূল কোম্পানি মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা করার নির্দেশ দিয়েছে। জুরি বোর্ডের রায়ে বলা হয়, মেটার প্ল্যাটফর্ম—Facebook, Instagram এবং WhatsApp—শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি করেছে এবং তাদের যৌন হয়রানি ও অনাকাঙ্ক্ষিত কনটেন্টের মুখে ফেলেছে।
নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ এই রায়কে “ঐতিহাসিক” উল্লেখ করে বলেন, প্রথমবারের মতো কোনো অঙ্গরাজ্য শিশু সুরক্ষা ইস্যুতে মেটার বিরুদ্ধে মামলা জিতে গেল। সাত সপ্তাহের বিচারপ্রক্রিয়ায় উপস্থাপিত প্রমাণে দেখা যায়, প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণভাবে সমস্যাগুলো সম্পর্কে অবগত ছিল তবুও যথাযথ ব্যবস্থা নেয়নি।
একজন সাবেক প্রকৌশলী আর্তুরো বেজার সাক্ষ্যে জানান, ইনস্টাগ্রামে অপ্রাপ্তবয়স্কদের কাছে যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট পৌঁছানোর বিষয়টি পরীক্ষায় ধরা পড়ে। এমনকি তার নিজের কন্যাও অপরিচিত ব্যক্তির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিল।
তবে মেটা এই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে আপিল করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ফিচার চালু করেছে, যেমন ‘টিন অ্যাকাউন্ট’ ও প্যারেন্টাল অ্যালার্ট ব্যবস্থা।
বিশেষজ্ঞরা বলছেন, এই রায় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর শিশু সুরক্ষায় আরও কঠোর দায়িত্ব আরোপের দৃষ্টান্ত তৈরি করবে।
