ঢাকা     ১৪ জুন ২০২৬ ||  ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Biz Tech 24 :: বিজ টেক ২৪

‘ভেরা’ সিপিইউ দিয়ে ২০০ বিলিয়ন ডলারের বাজার ধরতে চায় এনভিডিয়া

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪, ২৩ মে ২০২৬

আপডেট: ২১:৪৩, ২৭ মে ২০২৬

‘ভেরা’ সিপিইউ দিয়ে ২০০ বিলিয়ন ডলারের বাজার ধরতে চায় এনভিডিয়া

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের মধ্যে এবার সিপিইউ বাজার নিয়েও বড় পরিকল্পনার কথা জানাল যুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং বলেছেন, এনভিডিয়া যে ২০০ বিলিয়ন ডলারের বৈশ্বিক সিপিইউ বাজারের সম্ভাবনা দেখছে, তার মধ্যে চীনের বাজারও অন্তর্ভুক্ত রয়েছে।

শনিবার তাইপেতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চীনের বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশাল। আমরা অবশ্যই সেই বাজারকে আমাদের হিসাবের মধ্যে ধরছি।

বর্তমানে এআই প্রযুক্তির ব্যবহারে শুধু জিপিইউ নয়, সিপিইউ চিপের চাহিদাও দ্রুত বাড়ছে। বিশেষ করে ‘এজেন্টিক এআই’ বা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম এআই সিস্টেমের বিস্তারের ফলে নতুন করে সিপিইউ বাজারে বড় সুযোগ তৈরি হয়েছে। সম্প্রতি এনভিডিয়া তাদের নতুন ‘ভেরা’ সিপিইউ উন্মোচন করেছে, যা কোম্পানির জন্য নতুন ২০০ বিলিয়ন ডলারের বাজার খুলে দিতে পারে বলে দাবি করেন জেনসেন হুয়াং।

তবে চীনে এনভিডিয়ার উন্নতমানের এইচ২০০ এআই চিপ বিক্রি এখনো পুরোপুরি সহজ হয়নি। যুক্তরাষ্ট্র সরকার এনভিডিয়াকে চীনে এই চিপ রপ্তানির লাইসেন্স দিলেও চীনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক অনুমোদন মেলেনি। এছাড়া যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি উত্তেজনার কারণে বাজার পরিস্থিতিও জটিল হয়ে উঠেছে।

এদিকে তাইওয়ানের কম্পিউটেক্স প্রদর্শনীকে সামনে রেখে তাইপে সফরে রয়েছেন এনভিডিয়া প্রধান। সেখানে তিনি বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসির কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। এনভিডিয়ার নতুন ‘ভেরা রুবিন’ প্ল্যাটফর্মের উৎপাদন বাড়ানোর কারণে চলতি বছরের দ্বিতীয়ার্ধে তাইওয়ানের চিপ সরবরাহ ব্যবস্থায় ব্যাপক ব্যস্ততা তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে সম্প্রতি এনভিডিয়া চিপ চীনে অবৈধভাবে পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে তাইওয়ানের কর্তৃপক্ষ। এ বিষয়ে জেনসেন হুয়াং বলেন, আইন ও রপ্তানি নীতিমালা মেনে চলতে অংশীদারদের প্রতি এনভিডিয়া কঠোর অবস্থানে রয়েছে।