কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে অপটিক্যাল যন্ত্রাংশ নির্মাতা লুমেনটামকে অধিগ্রহণের ঘোষণা দিয়েছে চিপ নির্মাতা মারভেল টেকনোলজি। ঋণসহ প্রায় ১১৫ বিলিয়ন বা ১১ হাজার ৫০০ কোটি ডলারের এই চুক্তির মাধ্যমে এআই ডেটা সেন্টারে দ্রুতগতির তথ্য আদান-প্রদানের প্রযুক্তিতে বড় বিনিয়োগ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তবে এআই খাতে বিপুল ব্যয়ের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যেই চুক্তিটি নতুন আলোচনা তৈরি করেছে।
সোমবার ঘোষিত চুক্তিটি সম্পূর্ণ শেয়ার বিনিময়ের মাধ্যমে সম্পন্ন হবে। প্রস্তাব অনুযায়ী, লুমেনটামের প্রতিটি শেয়ারের বিপরীতে মারভেলের ৪ দশমিক ৫টি শেয়ার দেওয়া হবে। এতে লুমেনটামের শেয়ারধারীরা সম্মিলিত প্রতিষ্ঠানের প্রায় ৩৩ শতাংশের মালিক হবেন। দুই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ চুক্তিতে সর্বসম্মত অনুমোদন দিয়েছে। নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ারধারীদের অনুমোদন সাপেক্ষে ২০২৮ সালের প্রথমার্ধে অধিগ্রহণ সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। খবর রয়টার্সের।
মারভেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাট মারফি সম্মিলিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন। তার মতে, এআই অবকাঠামোর দ্রুত পরিবর্তনের সঙ্গে সঙ্গে তথ্য আদান-প্রদানে আলোকভিত্তিক সংযোগ প্রযুক্তির গুরুত্ব বাড়ছে। এই অধিগ্রহণের মাধ্যমে ভবিষ্যতের এআই সংযোগব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
লুমেনটাম উচ্চক্ষমতাসম্পন্ন লেজার ও অপটিক্যাল যন্ত্রাংশ তৈরি করে। এসব প্রযুক্তি এআই ডেটা সেন্টার, ক্লাউড কম্পিউটিং এবং যোগাযোগ নেটওয়ার্কে দ্রুত তথ্য স্থানান্তরে ব্যবহৃত হয়। অন্যদিকে, মারভেল কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বিশেষায়িত চিপ ও নেটওয়ার্ক প্রযুক্তি তৈরি করে। দুই প্রতিষ্ঠানের প্রযুক্তি একত্র হলে দ্রুতগতির ও তুলনামূলক কম বিদ্যুৎ ব্যবহারকারী ডেটা সেন্টার সংযোগব্যবস্থা তৈরির সুযোগ বাড়বে।
এই অধিগ্রহণের অন্যতম লক্ষ্য বড় প্রতিদ্বন্দ্বী ব্রডকমের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকা। গুগলসহ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষায়িত এআই চিপ তৈরির বাজারে ব্রডকমের শক্ত অবস্থান রয়েছে। মারভেলও বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী চিপ ও নেটওয়ার্ক প্রযুক্তি সরবরাহ করে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করছে।
তবে এত বড় অঙ্কের বিনিয়োগের ঝুঁকিও রয়েছে। এআই অবকাঠামো নির্মাণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিপুল ব্যয় দীর্ঘমেয়াদে কতটা লাভজনক হবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় তৈরি হয়েছে। মুনাফার মার্জিন কমে যাওয়া ও নগদ অর্থপ্রবাহের চাপও প্রযুক্তি খাতের শেয়ারবাজারে উদ্বেগ বাড়িয়েছে। চুক্তির খবরের পর সোমবার লুমেনটামের শেয়ার লেনদেন শুরুর আগে ৬ দশমিক ৫ শতাংশ এবং মারভেলের শেয়ার ২ দশমিক ৩ শতাংশ কমে যায় বলে রয়টার্স জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, অধিগ্রহণটি মারভেলকে এআই ডেটা সেন্টারের সরবরাহব্যবস্থায় আরও শক্তিশালী অবস্থান দিতে পারে। তবে বিপুল মূল্য পরিশোধ, দুই প্রতিষ্ঠানের ব্যবসা একীভূত করা এবং ভবিষ্যতে এআই প্রযুক্তির চাহিদা ধরে রাখার সক্ষমতাই শেষ পর্যন্ত চুক্তিটির সাফল্য নির্ধারণ করবে।
