বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ৫ টাকা মূল্যমানের নতুন নোট বাজারে ছেড়েছে। মঙ্গলবার (১৯ মে) কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে নোটটি ইস্যু করা হয়। পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখা অফিস থেকেও এটি সরবরাহ করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের এই নোটে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন উপাদান তুলে ধরা হয়েছে। নতুন ৫ টাকার নোটের দৈর্ঘ্য ১১৭ মিলিমিটার এবং প্রস্থ ৬০ মিলিমিটার। নোটের সামনের অংশে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদের ছবি এবং জাতীয় ফুল শাপলার নকশা ব্যবহার করা হয়েছে। অন্যদিকে পেছনের অংশে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর চিত্র।
নোটটিতে জালিয়াতি প্রতিরোধে একাধিক আধুনিক নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘৫’ সংখ্যার ইলেকট্রোটাইপ এবং সরকারের মনোগ্রাম ব্যবহার করা হয়েছে। এছাড়া কাগজের ভেতরে বিশেষ নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে, যা আলোতে স্পষ্ট দেখা যায়। মাইক্রোপ্রিন্ট প্রযুক্তিতে অসংখ্য ‘বাংলাদেশ’ শব্দও ছাপানো হয়েছে।
এদিকে গভর্নর মোস্তাকুর রহমানের স্বাক্ষর সংবলিত ১০০০, ৫০০ ও ১০ টাকার নোটও বাজারে ছাড়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পর্যায়ক্রমে ২০, ৫০ ও ১০০ টাকার নোটেও নতুন গভর্নরের স্বাক্ষর যুক্ত করা হবে।
